পরিবহন উন্নয়নে ৩ হাজার ২৫৩ ইউনিয়ন পরিষদের জন্য ৩২৯ কোটি টাকা বরাদ্দ

পরিবহন উন্নয়নে ৩ হাজার ২৫৩ ইউনিয়ন পরিষদের জন্য ৩২৯ কোটি টাকা বরাদ্দ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:০৭, ১৮ অক্টোবর ২০২৬

২০২৬-২৭ অর্থবছরে পরিবহন উন্নয়ন সহায়তা খাতে ৩২৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। দেশের ৩ হাজার ২৫৩টি ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দ করা এ অর্থ সংসদ সদস্যদের মনোনীত প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে। অর্থ ছাড়, ব্যবহার ও হিসাব সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দিষ্ট নির্দেশনাও দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিষদ-২ শাখা থেকে গত ১৩ অক্টোবর জারি করা একটি চিঠিতে বরাদ্দের বিষয়টি জানানো হয়। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম চিঠিতে স্বাক্ষর করেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এটি পাঠানো হয়েছে।

চিঠি অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় পরিবহন উন্নয়ন সহায়তা খাতে ইউনিয়ন পরিষদগুলোর জন্য এ অর্থ বরাদ্দ করা হয়েছে। নির্ধারিত উন্নয়ন কার্যক্রম ছাড়া অন্য কাজে বরাদ্দের অর্থ ব্যয় করা যাবে না।

অর্থ ছাড়ের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষরযুক্ত বিল উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে জমা দিতে হবে। এরপর প্রচলিত আর্থিক বিধি অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাবে টাকা স্থানান্তর করা হবে। অর্থ উত্তোলন, ব্যয় ও হিসাব সংরক্ষণের দায়িত্ব যৌথভাবে পালন করবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সংসদ সদস্যদের মনোনীত প্রকল্প অনুযায়ী বরাদ্দের অর্থ ব্যয় এবং প্রকল্প বাস্তবায়ন করতে হবে। এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ব্যবস্থাপনা নির্দেশিকা, ২০২১, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এবং প্রযোজ্য আর্থিক বিধিবিধান মেনে চলতে হবে।

বরাদ্দের অর্থ ব্যবহারে কোনো অনিয়ম দেখা দিলে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ব্যয় না হওয়া অর্থ আগামী ৩০ জুন ২০২৭ তারিখের মধ্যে সরকারি কোষাগারে ফেরত দিতে হবে।

বরাদ্দের অর্থ ছাড় ও ব্যবস্থাপনা যথাযথভাবে নিশ্চিত করতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসকদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement