৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৭

৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৭ ছবি: বিজনেস ডেইলি গ্রাফিক্স

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:০০, ১৮ অক্টোবর ২০২৬

আগামী ৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অমর একুশে বইমেলা ২০২৭। প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর সর্বসম্মতিক্রমে মাসব্যাপী এ আয়োজনের তারিখ চূড়ান্ত করেছে বাংলা একাডেমি।

রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বইমেলার সময়সূচি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে ২০২৭ সালের অমর একুশে বইমেলার আয়োজন নিয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।

সভায় অংশ নেওয়া প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা আয়োজনের তারিখ নির্ধারণ করা হয়। ভাষা শহীদদের স্মরণে আয়োজিত অমর একুশে বইমেলা প্রতিবছর লেখক, প্রকাশক ও পাঠকদের মিলনমেলায় পরিণত হয়।

শেয়ার করুনঃ
Advertisement