রূপগঞ্জে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

রূপগঞ্জে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৫১, ১৮ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে মাসুম মোল্লা নামে এক ফ্রান্সপ্রবাসীর কাছ থেকে ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার আধুরিয়া এলাকায় একটি সাদা প্রাইভেট কারে আসা তিন থেকে চারজন ব্যক্তি তার পথ আটকে টাকাভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেলসহ সড়কে পড়ে আহত হন মাসুম।

মাসুম মোল্লা রূপগঞ্জ উপজেলার করাটিয়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে। তার শ্বশুর বরকত উল্লাহ জানান, জমি রেজিস্ট্রি করার জন্য রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ভুলতায় ঢাকা ব্যাংক থেকে ১১ লাখ টাকা এবং ইসলামী ব্যাংক থেকে ১৫ লাখ ৮০ হাজার টাকা তোলেন। পরে পুরো টাকা মেয়ের জামাতা মাসুমের হাতে দেন।

টাকাগুলো একটি ব্যাগে নিয়ে নিজের মোটরসাইকেলে করে করাটিয়ার বাড়ির উদ্দেশে রওনা হন মাসুম। দুপুর ১২টা ৫ মিনিটের দিকে আধুরিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে পৌঁছালে একটি সাদা প্রাইভেট কার তার পথ আটকে দেয়। গাড়ি থেকে তিন থেকে চারজন নেমে টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নেয়। এরপর তাকে মোটরসাইকেলসহ সড়কে ফেলে রেখে ঘটনাস্থল ত্যাগ করে তারা।

বরকত উল্লাহর ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় মাসুমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। জমি রেজিস্ট্রির উদ্দেশ্যেই ব্যাংক থেকে অর্থ উত্তোলন করেছিলেন বলে জানান তিনি।

ঘটনাটি নিয়ে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বরকত উল্লাহ। পুলিশ ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুট হওয়া টাকা উদ্ধারে চেষ্টা চালানোর আশ্বাস দিয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুনঃ
Advertisement