আজ খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৩৯, ২২ অক্টোবর ২০২৬

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা যাচাই, সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং মোংলা বন্দরের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এক দিনের এই সফরে প্রধানমন্ত্রী সুন্দরবন সুরক্ষার উদ্যোগ, মোংলা বন্দরের সার্বিক পরিস্থিতি এবং সেখানে গড়ে ওঠা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করবেন। পাশাপাশি একটি পর্যালোচনা সভায়ও অংশ নেবেন। সফর শেষে বিকেলেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টার দিকে আকাশপথে হিরণ পয়েন্ট ও সুন্দরবন এলাকা পরিদর্শন করবেন তিনি। এরপর সকাল সাড়ে ১০টায় তাঁর হেলিকপ্টার খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক উচ্চবিদ্যালয় মাঠে অবতরণ করার কথা রয়েছে।

সেখান থেকে নৌপথে দুপুর পৌনে ১টার দিকে বাগেরহাটের মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি ‘বানৌজা মোংলা’য় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্নভোজের বিরতির পর দুপুর ১টা ৪৫ মিনিটে নৌঘাঁটির ওয়ার্ড রুমে একটি পর্যালোচনা সভায় যোগ দেবেন।

এরপর বিকেল ৩টায় মোংলা বন্দরের জেটি এবং সাড়ে ৩টায় প্রস্তাবিত মোংলা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন তিনি। সফর শেষে বিকেল ৪টায় হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

শেয়ার করুনঃ
Advertisement