শেরেবাংলা নগরে নতুন সচিবালয় নির্মাণে আজ মন্ত্রিসভায় চূড়ান্ত প্রস্তাব

শেরেবাংলা নগরে নতুন সচিবালয় নির্মাণে আজ মন্ত্রিসভায় চূড়ান্ত প্রস্তাব ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৩১, ২২ অক্টোবর ২০২৬

রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত বাংলাদেশ সচিবালয় শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ রোববার মন্ত্রিসভার বৈঠকে একটি প্রস্তাব উত্থাপনের কথা রয়েছে।

বর্তমানে সরকারের ৫৫টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে ৩৮টি সচিবালয় প্রাঙ্গণে কার্যক্রম পরিচালনা করছে। মাত্র ১৮ লাখ বর্গফুট জায়গায় এসব দপ্তরের প্রশাসনিক কার্যক্রম চলছে। প্রস্তাবিত নতুন সচিবালয়ে প্রায় ৩০ লাখ বর্গফুট জায়গা রাখার পরিকল্পনা করা হয়েছে, যেখানে সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগের কার্যালয় স্থাপন করা সম্ভব হবে। প্রকল্পের সঙ্গে যুক্ত অন্তত দুজন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বর্তমান মেয়াদেই নতুন সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম স্থানান্তর করতে চান।

আজ বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক হওয়ার কথা রয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ওই বৈঠকে সচিবালয় স্থানান্তরের চূড়ান্ত প্রস্তাব উত্থাপন করা হবে।

এর আগে আওয়ামী লীগ সরকারের আমলেও একাধিকবার সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা করা হয়েছিল। তবে সেসব উদ্যোগ বাস্তবায়িত হয়নি। বরং বর্তমান সচিবালয়ের ভেতরে দুটি ২০ তলা ভবন নির্মাণ করা হয়।

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত এপ্রিলে সচিবালয়ের ভেতরে আরও একটি ২১ তলা ভবন নির্মাণের প্রস্তাব একনেকে উত্থাপন করা হয়। প্রধানমন্ত্রী এতে অনুমোদন না দিয়ে শেরেবাংলা নগরে নতুন সচিবালয় স্থাপনের পরিকল্পনা তৈরির নির্দেশ দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থাপত্য অধিদপ্তরকে।

এর ধারাবাহিকতায় গত ৭ অক্টোবর স্থাপত্য অধিদপ্তর প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিবালয় স্থানান্তরের একটি খসড়া পরিকল্পনা উপস্থাপন করে। ওই বৈঠকে বিস্তারিত ও চূড়ান্ত পরিকল্পনা মন্ত্রিসভায় উপস্থাপনের সিদ্ধান্ত হয়।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, বর্তমান সচিবালয়ে ১২টি প্রধান ভবন রয়েছে। এর মধ্যে আটটির অবস্থা বেশ নাজুক। অধিকাংশ ভবনই ১৯৬০-এর দশকে নির্মিত। জরাজীর্ণ ভবনগুলো ভেঙে নতুন করে নির্মাণের প্রয়োজনীয়তা থেকেই সচিবালয় স্থানান্তরের আলোচনা আরও জোরালো হয়েছে।

নতুন সচিবালয়ে যা থাকছে
প্রস্তাবিত নকশায় প্রখ্যাত স্থপতি লুই আই কানের স্থাপত্য ঐতিহ্য বজায় রেখে ১২ থেকে ১৪ তলাবিশিষ্ট ১২টি ভবন নির্মাণের কথা বলা হয়েছে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে সাড়ে তিন হাজার কোটি থেকে চার হাজার কোটি টাকা।

পরিকল্পনায় নতুন সচিবালয়ের চারপাশে একটি চক্রাকার সড়ক, কেন্দ্রীয় মসজিদ, জিমনেসিয়াম, নান্দনিক ফোয়ারা, বড় পার্কিং এলাকা এবং কেন্দ্রীয় কনভেনশন সেন্টার রাখার প্রস্তাব রয়েছে।

কর্মপরিবেশ আধুনিক করার অংশ হিসেবে প্রত্যেক কর্মকর্তার জন্য আলাদা কক্ষের পরিবর্তে উন্মুক্ত কর্মক্ষেত্র তৈরির পরিকল্পনা করা হচ্ছে। পরিকল্পনার সঙ্গে যুক্ত এক কর্মকর্তা জানান, কেবল শীর্ষ দুই স্তরের কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট কক্ষ রাখা হতে পারে। অন্যদের জন্য কাচ বা বোর্ডের পার্টিশন দিয়ে ভাগ করা উন্মুক্ত ফ্লোরের ব্যবস্থা থাকবে। এতে তুলনামূলক কম জায়গায় বেশি কর্মকর্তার কাজের সুযোগ তৈরি হবে।

গত মঙ্গলবার গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সাংবাদিকদের বলেন, বর্তমান সচিবালয়ে দাপ্তরিক কাজের জন্য পর্যাপ্ত জায়গা নেই এবং পার্কিংয়েরও তীব্র সংকট রয়েছে। এসব বিষয় বিবেচনায় স্থানান্তরের আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভা থেকেই আসবে।

স্থানান্তরের পরিকল্পনায় আপত্তি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা প্রস্তাবিত স্থানান্তর পরিকল্পনার বিরোধিতা করেছেন। গত বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন শেষে তাঁরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।

বিশ্ববিদ্যালয়ের ‘গবেষণা মাঠ পুনরুদ্ধার স্টিয়ারিং কমিটি’র আহ্বায়ক অধ্যাপক এম সালাউদ্দিন চৌধুরী বলেন, মাঠের সবুজায়ন, গাছপালা ও জীববৈচিত্র্য অক্ষুণ্ন রেখে সেখানে উচ্চতর কৃষি গবেষণা চালিয়ে যেতে চান তাঁরা। তাঁর মতে, বিষয়টি শুধু বিশ্ববিদ্যালয়ের স্বার্থের নয়, ঢাকার পরিবেশ রক্ষার সঙ্গেও সম্পর্কিত।

এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর দ্য ডেইলি স্টারকে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দাবির বিষয়টি সরকার জানে। তাঁদের জন্য আরও বড় বা উপযুক্ত জায়গা বরাদ্দ দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুনঃ
Advertisement