খুলনায় প্রধানমন্ত্রী তারেক রহমান, মোংলা বন্দর ও বেজা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের সূচি
Published : ১০:৫৬, ২২ অক্টোবর ২০২৬
খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তিনি খুলনায় পৌঁছান বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং নিশ্চিত করেছে। দিনের কর্মসূচিতে রয়েছে নৌপথে বানৌজা মোংলায় যাত্রা, সভায় অংশগ্রহণ, মোংলা বন্দর পরিদর্শন এবং প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখা।
সফরসূচি অনুযায়ী, সকাল ১০টা ৩০ মিনিটে দাকোপ উপজেলা থেকে সড়কপথে লঞ্চঘাটে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। সেখান থেকে নৌপথে বাগেরহাট জেলার বানৌজা মোংলার উদ্দেশে যাত্রার পরিকল্পনা রয়েছে তাঁর।
সূচি অনুসারে, দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্ন বিরতির পর দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল এলাকা ঘুরে দেখার কর্মসূচি রয়েছে।
দিনের সরকারি কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। নির্ধারিত সূচি অনুযায়ী, বিকেল ৫টায় ঢাকায় পৌঁছানোর কথা প্রধানমন্ত্রী তারেক রহমানের।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, সফরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর সঙ্গে থাকবেন।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করেছে।






























