সুন্দরবন পরিদর্শন শেষে দাকোপে প্রধানমন্ত্রী, মোংলা বন্দর ও অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের সূচি
Published : ১২:০৮, ২২ অক্টোবর ২০২৬
সুন্দরবন পরিদর্শন শেষে খুলনার দাকোপ উপজেলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে বহনকারী হেলিকপ্টার উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে। সেখান থেকে নলিয়ান লঞ্চঘাট হয়ে নৌপথে বাগেরহাটের মোংলার উদ্দেশে রওনা হন তিনি।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, দুপুর ১২টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর বানৌজা মোংলার জেটিতে পৌঁছানোর কথা রয়েছে। দুপুর ১টায় মধ্যাহ্নবিরতির পর বেলা ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত একটি সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি। সকাল ১০টার দিকে হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্টসহ সুন্দরবনের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন।
কর্মসূচি অনুযায়ী, দুপুর ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা সোয়া ৩টায় প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা করবেন তিনি। বেলা সাড়ে ৩টায় অর্থনৈতিক অঞ্চলটি পরিদর্শনের কথা রয়েছে তাঁর। পরিদর্শন শেষে বিকেলেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

































