ভারী বৃষ্টির আভাস, পাহাড়ে ভূমিধসের আশঙ্কা
Published : ১১:১৮, ২৪ সেপ্টেম্বর ২০২৪
দেশের ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (২৮৯ মিলিমিটার/২৪ ঘণ্টা) বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
এদিকে গত কয়েকদিনের তীব্র গরমের পর সোমবার (২৩ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীতে মুষলধারে বৃষ্টি। বৃষ্টির সঙ্গে থেমে থেমে বজ্রপাত হয়েছে। এতে তাপপ্রবাহের পর জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে।
বিডি/ও































