কাল থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
Published : ০২:১০, ২৫ সেপ্টেম্বর ২০২৪
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগামীকাল থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া হবে না। তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা উসকানির মাধ্যমে গার্মেন্টস শিল্প ধ্বংস করতে চায়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে গার্মেন্টস শ্রমিক-মালিক পক্ষের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা গার্মেন্টস মালিকপক্ষ এবং শ্রমিকপক্ষ দীর্ঘ সময় আলোচনার পর সমঝোতায় পৌঁছেছি। এ সমঝোতা স্মারকে উভয় পক্ষ স্বাক্ষর করেছে। সবাইকে এটা মেনে চলতে হবে, এই অঙ্গীকার করতে হবে, এই চুক্তি থেকে আমাদের পিছু হটার কোনো কারণ বা অবকাশ নেই। কোনো তালবাহানা করা যাবে না।
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগামীকাল (বুধবার) থেকে সব শিল্প-কারখানা সচল দেখতে চাই। বিভিন্ন জায়গা থেকে নানা মাধ্যমে এই শিল্পকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। শুধু দেশ থেকে নয়, বিদেশ থেকেও হচ্ছে। এই শিল্প যদি বাইরে চলে যায়, তাহলে আমাদের কী হবে, সে বিষয়ে সবাইকে চিন্তা করতে হবে। পরিশেষে আমি একটাই কথা বলব, আইন আপনারা নিজেদের হাতে তুলে নেবেন না।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আমি আগামীকাল থেকে আশা করব কোনো ধরনের বিশৃঙ্খলা যেন ইন্ডাস্ট্রি এলাকায় না হয়। এটার ব্যত্যয় ঘটলে আপনারাই এজন্য দায়ী থাকবেন। কারণ আপনারা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। সে সময় আপনারা পিছপা হতে পারবেন না। এখানে যারা উপস্থিত আছেন, সবাই যদি চেষ্টা করেন তাহলে বিশৃঙ্খলা হবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই অবনতি হবে না।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শ্রমিক ভাই-বোনদের কাছে আবেদন করছি, আপনারা শুধু স্বাক্ষর করলে চলবে না। মনের ভেতর থেকে আসতে হবে যে, এই শিল্পই আমাদের বাঁচাবে। এই শিল্পই আমাদের সবকিছু দিয়ে যাচ্ছে। শুধু আপনাদের নয়, জনগণকে অনেক কিছু দিয়ে যাচ্ছে। এই শিল্পের ওপর দেড় কোটি নয়, পুরো বাংলাদেশের মানুষ নির্ভরশীল। এ জন্য আপনাদের নজর রাখতে হবে।
এ সময় সাংবাদিকদের সঙ্গে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, মালিক-শ্রমিক কোনো পক্ষ ১৮টি দাবি মেনে নেওয়া বা বাস্তবায়নের বিষয়ে আপত্তি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি দেশের শিল্পকে বাঁচানোর জন্য আগামীকাল বুধবার থেকে সব শ্রমিককে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান।
এনই































