ঠাকুরগাঁওয়ে সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে কারাগারে প্রেরণ

ঠাকুরগাঁওয়ে সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে কারাগারে প্রেরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি

Published : ১৩:০৪, ৩০ সেপ্টেম্বর ২০২৪

ভূমি দখল ও হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে বিচারক রহিমা খাতুন ও নিত্যানন্দ রায় এই আদেশ দেন।

মাজহারুল ইসলাম সুজনকে গত ১১ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় গ্রেপ্তার করে র‍্যাব। ওইদিন দুপুরে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে হাবিবুল ইসলাম বাবলু ভূমি দখলের অভিযোগে একটি মামলা ও ফজলে আলম নামের একজন জামায়াত নেতা  হত্যা মামলা দায়ের করেন।

অভিযোগে জানা যায়, গত ১০ আগস্ট হাবিবুল ইসলাম বাবলু জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী এলাকায় কেনা জমিতে গেলে সাবেক এমপির লোকজন ১০ কোটি টাকা চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেন । এর পরদিন ১১ সেপ্টেম্বর হাবিবুল ইসলাম বাবলু বাদী হয়ে সাবেক এমপি দবিরুল ইসলাম, তার ছেলে সাবেক সংসদ সদস্য মাজাহারুল ইসলাম সুজনসহ ২৮ জনকে আসামি করে মামলা করেন।

এই মামলায় রোববার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত আগামী ১০ অক্টোবর শুনানির দিন ধার্য করেন। আরেক মামলায় অভিযোগ করা হয়, গত ৫ আগস্ট জামায়াত নেতা ফজলে আলমের ছেলে আবু রায়হানসহ ৪ জনকে মামলার সাবেক এমপি সুজন  সহ অপরাপর আসামিরা ঠাকুরগাঁও পৌরসভার সাবেক কাউন্সিল একরামুদৌল্লার ছিট চিলারং এলাকার বাড়িতে অবস্থান কালে আবু রায়হানকে কৌশলে ডেকে এনে ঘরের মধ্যে আটকে রেখে আগুনে পুড়িয়ে হত্যা করে। এ ঘটনায় সাবেক এমপি সুজনকে আসামি করে হত্যা মামলা করা হয়।

আইনজীবীরা জানিয়েছেন, দুটি মামলায় সাবেক এমপি সুজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে আদালত নামঞ্জুর করেন।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement