খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা: শাস্তির দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি
Published : ২০:৩৮, ৩ অক্টোবর ২০২৪
পাহাড়ি শিক্ষার্থী কতৃক খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানাকে পিটিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সাধারণ শিক্ষার্থীরা জেলা প্রশাসক এর কাছে এ স্মারক লিপি তুলে দেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীদের অভিযোগ, পাহাড়ি এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ২০২১ সালে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে মামলা করা হয়। পাহাড়ী ওই ছাত্রী আদালতে এসে এই মর্মে সাক্ষ্য প্রদান করেন যে আঞ্চলিক একটি সংগঠনের চাপে এই মামলা করা হয়েছে। তার সাক্ষ্যর উপর ভিত্তি করে অভিযুক্ত শিক্ষক সোহেল রানা খালাস পান এবং চাকরিতে যোগদান করেন। এরপর থেকে পাহাড়ি ছাত্রছাত্রীরা শিক্ষক সোহেল রানাকে প্রত্য্যাহারের দাবি জানিয়ে আসছিল। এ ঘটনার প্রেক্ষিতে প্রধান শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানা গত ১লা অক্টোবর প্রতিষ্ঠান থেকে রিলিজ অর্ডার নিতে আসলে ক্ষুব্ধ পাহাড়ি শিক্ষার্থীরা তাকে পিটিয়ে হত্যা করে।
স্মারকলিপিতে অভিযোগ করা হয় যে,এ হত্যাকান্ডকে পরিকল্পিত দাবি করে উপজাতীয় সন্ত্রাসীরা পাহাড়কে সু-পরিকল্পিতভাবে তাদের ইচ্ছা অনুযায়ী অশান্ত করে তুলতে চাইছে। এই তিন পার্বত্য অঞ্চল বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার জুম্মল্যান্ড করার নীল নকশার অংশ হিসেবে সন্ত্রাসীরা গভীর ষড়যন্ত্র করে চলছেন প্রতিনিয়ত।
স্মারকলিপিতে পাহাড়ে সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, শৃঙ্খলা ও সকল সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীকে যথাযথ ক্ষমতা প্রদান, অন্যান্য নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করে যৌথ অভিযানের মাধ্যমে সশস্ত্র সন্ত্রাসীদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্বারে সরকারকে কার্যকর ভূমিকার রাখার দাবি জানানো হয় স্মারকলিপিতে।
স্মারকলিপিতে গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি শহরে ফার্নিচার ব্যবসায়ী মো: মামুনকে পিটিয়ে হত্যা, ১৯ সেপ্টেম্বর মামুন হত্যার প্রতিবাদে দীঘিনালায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে গুলিবর্ষণ, ২০ সেপ্টেম্বর রাঙামাটিতে সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের ব্যানারের আড়ালে তান্ডবলীলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করা হয়।
বিডি/এন

































