সংসদে বিরোধীদলকে তুচ্ছ-তাচ্ছিল্য করার সংস্কৃতি চালু করেছিল আ. লীগ: জামায়াত আমীর
Published : ২১:১৩, ১৯ জুন ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদে বিরোধী দলকে তুচ্ছ-তাচ্ছিল্য করার রাজনৈতিক সংস্কৃতি আওয়ামী লীগ চালু করেছিল, আর এখন বিএনপিও সেই একই পথ অনুসরণ করছে।
শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর কর্মী সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদে দাঁড়িয়ে বিরোধী দলকে কটাক্ষ ও আক্রমণ করার প্রবণতা আওয়ামী লীগের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। সে সময় সবচেয়ে বেশি সমালোচনার শিকার হতো বিএনপি, পাশাপাশি জামায়াতও রেহাই পেত না। তবে বর্তমানে বিএনপিও আওয়ামী লীগের ব্যবহৃত সেই ভাষা ও রাজনৈতিক বক্তব্যের পুনরাবৃত্তি করছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, “যে কথাগুলো বলতে বলতে আওয়ামী লীগ দিল্লিতে গিয়ে পৌঁছেছে, বিএনপি যদি একই পথে হাঁটে, তাহলে তাদের গন্তব্য কোথায় হবে—সেটা ভেবে দেখা উচিত।”
তরুণ সমাজের প্রসঙ্গ টেনে জামায়াত আমীর বলেন, বর্তমান প্রজন্ম পুরোনো রাজনৈতিক বিভাজন ও পারস্পরিক দোষারোপের রাজনীতি গ্রহণ করছে না। রাজনৈতিক দলগুলোকে তরুণদের চিন্তা ও প্রত্যাশা বোঝার চেষ্টা করার আহ্বান জানান তিনি।
বাজেট প্রসঙ্গে তিনি বলেন, বড় বাজেট দেওয়া সরকারের অধিকার এবং দায়িত্ব বাস্তবায়ন নিশ্চিত করা। তবে অতীতের মতো বাজেটের অর্থ অপচয় বা দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা হলে জনগণ তা মেনে নেবে না।
সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ এবং জেলা পরিষদে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে দলীয় প্রভাব বিস্তারের প্রবণতা দেখা যাচ্ছে। তার ভাষায়, এসব পদক্ষেপ একদলীয় শাসনের আশঙ্কা তৈরি করছে।
গণভোট প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, জনগণের রায়কে সম্মান করা গণতন্ত্রের মৌলিক শর্ত। তিনি দাবি করেন, গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোটার সংস্কার প্রস্তাবের পক্ষে মত দিয়েছেন, তাই সরকারকে সেই রায়ের প্রতি সম্মান দেখিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
সরকারের প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, জনগণের রায়কে উপেক্ষা করে কোনো শাসনব্যবস্থা দীর্ঘস্থায়ী হতে পারে না। জনগণের মতামতের প্রতি সম্মান দেখানোই রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রের ভিত্তি।

































