কিস্তির টাকা চাওয়ায় এনজিওকর্মীদের আটকে রেখে মারধর
Published : ১৯:১৭, ১৮ জুন ২০২৬
ঠাকুরগাঁও সদর উপজেলায় কিস্তির টাকা আদায়কে কেন্দ্র করে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর কর্মীদের সঙ্গে এক গ্রাহকের পরিবারের সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
বুধবার (১৭ জুন) সন্ধ্যায় সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কিসমত দৌলতপুর ধনীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ইএসডিওর কর্মীদের দাবি, বেলি আক্তার নামের এক গ্রাহকের বকেয়া কিস্তির টাকা আদায়ের জন্য তিনজন মাঠকর্মী তার বাড়িতে গেলে তাদের আটকে রেখে মারধর করা হয়। পরে বিষয়টি অফিসে জানানো হলে আরও কয়েকজন কর্মী ঘটনাস্থলে গিয়ে সহকর্মীদের উদ্ধারের চেষ্টা করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কর্মীদের উদ্ধার করে।
অন্যদিকে বেলি আক্তার ও তাঁর পরিবারের সদস্যরা ইএসডিও কর্মীদের অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, ছয় মাস মেয়াদে নেওয়া ৬০ হাজার টাকার ঋণের সুদ পরিশোধ করা হয়েছে এবং ঘটনার দিন কোনো মারধরের ঘটনা ঘটেনি।
বেলি আক্তারের ভাষ্য অনুযায়ী, তিনি অসুস্থ অবস্থায় বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় ইএসডিওর কয়েকজন নারী ও পুরুষ কর্মী তাঁর বাড়িতে এসে কিছু কাগজপত্রে স্বাক্ষরের জন্য অফিসে যেতে বলেন। তিনি অসুস্থতার কারণে পরদিন যাওয়ার কথা জানালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।
পরিবারের অভিযোগ, ইএসডিওর এক কর্মী মোটরসাইকেলের চাবি দিয়ে তাদের এক স্বজনকে আঘাত করেন। পরে সংস্থাটির আরও কয়েকজন কর্মী মোটরসাইকেলে করে এসে উত্তেজনা সৃষ্টি করেন। তবে স্থানীয় লোকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


































