দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ, স্বাস্থ্যসেবা পৌঁছাবে জনগণের দোরগোড়ায়
Published : ১৫:০৪, ৭ জুন ২০২৬
দেশের প্রাথমিক ও সার্বিক স্বাস্থ্যসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ শুরু করার সিদ্ধান্ত হয়েছে।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীতারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, জনগণের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। প্রথম পর্যায়ে একটি উপজেলাকে মডেল হিসেবে নিয়ে প্রকল্পের কার্যক্রম শুরু হবে।
তিনি বলেন, উদ্যোগটি সফল হলে দেশের অ্যাম্বুলেন্স চাহিদা পূরণের পাশাপাশি আমদানিনির্ভরতাও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, তিন স্তরের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে সামনে রেখে গ্রাম থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে রাজধানী পর্যন্ত রোগী পরিবহনের জন্য তিন ধরনের অ্যাম্বুলেন্স তৈরির পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।
সভায় অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা জানান, স্থানীয়ভাবে উৎপাদিত অ্যাম্বুলেন্সগুলোতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, অক্সিজেন সাপোর্ট এবং জরুরি চিকিৎসা সহায়তার প্রয়োজনীয় সুবিধা সংযোজন করা হবে। দেশের ভৌগোলিক বৈশিষ্ট্য ও সড়ক যোগাযোগ ব্যবস্থা বিবেচনায় রেখে এসব যানবাহনের নকশা প্রণয়ন করা হবে।
সরকারের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে কম খরচে আধুনিক অ্যাম্বুলেন্স সরবরাহ সম্ভব হবে এবং জরুরি রোগী পরিবহন ব্যবস্থার মানোন্নয়ন ঘটবে।
সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারি ড. এস, এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্যসেবা সচিব কামরুজ্জামান চৌধুরী এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
































