সময় টিভির পরিচালক জোবায়ের ও স্ত্রী ছেলে-মেয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
Published : ১৪:৪৭, ১৮ জুন ২০২৬
ব্যাংক জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের একটি মামলায় আদালতের সমনে সাড়া না দেওয়ায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়ের, তাঁর স্ত্রী, দুই সন্তান এবং আরও দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
বুধবার (১৭ জুন) ঢাকার একটি আদালত এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা একটি বিশ্বাসভঙ্গের মামলায় আহমেদ জোবায়েরসহ ছয়জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এ লক্ষ্যে চলতি বছরের ১০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সমন জারি করেন, যা পরে প্রকাশ্যে আসে।
মামলার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার সুযোগ দিতে আদালত ১৭ জুন অভিযুক্তদের সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে নির্ধারিত তারিখে কেউ উপস্থিত না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পরোয়ানাভুক্ত অন্য ব্যক্তিরা হলেন আহমেদ জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী, সন্তান সারাফ নাওয়ার জয়ীতা ও আহমেদ রাফিদ কাদের ঋভু। এছাড়া মামলার দুই সাক্ষী শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরীর বিরুদ্ধেও একই আদেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া চলবে এবং পরোয়ানা কার্যকর করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।
































