এমপি গোলাম রসুলের বাসায় হামলার অভিযোগে জামায়াতের নিন্দা

এমপি গোলাম রসুলের বাসায় হামলার অভিযোগে জামায়াতের নিন্দা বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো | গ্রাফিক্স: বিজনেস ডেইলি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৫৯, ২৮ জুলাই ২০২৬

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম রসুলের বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, বিএনপির কিছু নেতাকর্মীর মদদে পরিকল্পিতভাবে একদল দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনা নিন্দনীয় এবং এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও উসকানিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

বিবৃতিতে গোলাম পরওয়ার উল্লেখ করেন, সংসদ সদস্য গোলাম রসুলের এক মেয়ে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন এবং দেশ-বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। তার একটি আচরণকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির ইতোমধ্যে সমাধান হলেও বিষয়টিকে নতুন করে সামনে এনে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে জামায়াতকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

জামায়াতের পক্ষ থেকে আরও বলা হয়, দলটি আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল এবং প্রকৃত ঘটনা যাচাই করে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বানও জানানো হয়।

এর আগে মঙ্গলবার সকালে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় গোলাম রসুলের বাসভবনের সামনে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসার পাশের আল মাদ্রাসাতুশ শারইয়াহ ও সংশ্লিষ্ট মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

স্থানীয়দের অভিযোগ, সোমবার সংসদ সদস্যের মেয়ে মেহজাবিন অনন্যার বিরুদ্ধে মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী ও এক নারীকে মারধরের অভিযোগ ওঠে। পরে দুই পক্ষের মধ্যে সমঝোতা হলেও পরদিন মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে—এমন অভিযোগ ছড়িয়ে পড়লে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, বিক্ষোভ চলাকালে বাসার দ্বিতীয় তলা থেকে গরম পানি নিক্ষেপ করা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে সংসদ সদস্যের স্বজন আবদুল্লাহ ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতা তাকে মারধর করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করে সংসদ সদস্য ও তার মেয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অন্যদিকে, সব অভিযোগ অস্বীকার করেছেন গোলাম রসুলের স্ত্রী শারমীন দীনা। তিনি বলেন, তার মেয়ে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। তার দাবি, মাদ্রাসা বন্ধ থাকার পরও কিছু শিশু সেখানে অবস্থান করায় প্রতিবাদ করা হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ আনা হয়েছে এবং তাদের বাসভবনে হামলা চালানো হয়েছে।

মাদ্রাসার মুহতামিম কবির হোসেন দাবি করেন, সংসদ সদস্যের মেয়ে প্রায়ই মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থীদের বকাঝকা করতেন এবং প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার হুমকি দিতেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ
Advertisement