আশুগঞ্জ পাওয়ারের পরিচালনা পর্ষদে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান

আশুগঞ্জ পাওয়ারের পরিচালনা পর্ষদে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইটের সামনে সরকারের লোগো এবং ফারুক হাসান। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৩৯, ১৫ অক্টোবর ২০২৬

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র মো. ফারুক হাসান। তিনি উপসচিব পদমর্যাদায় এ দায়িত্ব পেয়েছেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) গণমাধ্যমকে ফারুক হাসান নিজেই বিষয়টি নিশ্চিত করেন। নিয়োগ নিয়ে বিভিন্ন ধরনের তথ্য প্রচার হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এটি প্রচলিত অর্থে কোনো গ্রেডভিত্তিক সরকারি চাকরি নয়। বরং বিদ্যুৎ বিভাগের নির্দিষ্ট এলাকার কার্যক্রমে সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি এর সঙ্গে সম্পর্কিত।

ফারুক হাসান বলেন, বিদ্যুৎ বিভাগের প্রতিষ্ঠান পরিচালনায় দুটি পৃথক কার্যক্রম রয়েছে। একটি হলো প্রতিষ্ঠানের দৈনন্দিন পরিচালনা বা অপারেশনাল কার্যক্রম। অন্যটি সরকার গঠিত পরিচালনা পর্ষদ, যা প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি করে।

নিজের দায়িত্ব সম্পর্কে তিনি জানান, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড দেশের পূর্বাঞ্চলের ১১টি জেলায় বিদ্যুৎ সরবরাহ-সংশ্লিষ্ট কার্যক্রমের সঙ্গে যুক্ত। প্রতিষ্ঠানটির অধীনে একাধিক সাবস্টেশনও রয়েছে। এসব কার্যক্রমের তদারকিতে পরিচালনা পর্ষদের একজন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

রাজনীতিতে ফারুক হাসানের উত্থান
২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্য দিয়ে ফারুক হাসানের রাজনৈতিক যাত্রার সূত্রপাত। পরবর্তী সময়ে গণঅধিকার পরিষদের রাজনীতিতে যুক্ত হন তিনি।

২০২৩ সালের জুনে অভ্যন্তরীণ বিরোধের জেরে দলটি দুই ভাগে বিভক্ত হয়। ওই বছরের জুলাইয়ে ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন অংশে ফারুক হাসানকে ভারপ্রাপ্ত সদস্য-সচিবের দায়িত্ব দেওয়া হয়। পরে রেজা কিবরিয়া আলাদা রাজনৈতিক দল আমজনতার দল গঠন করলে ফারুক হাসান মশিউজ্জামানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের অংশে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দলটির দুই অংশের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের ৩১ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে ফারুক হাসান নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদে যোগ দেন। ওই সময় তাকে উচ্চতর পরিষদের সদস্য, সিনিয়র সহসভাপতি পদমর্যাদা এবং দলের মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয়।

পরবর্তী সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন ফারুক হাসান। নির্বাচনে তিনি ১ হাজার ৮৪৩ ভোট পেয়ে পরাজিত হন।

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি সম্পর্কে
বাংলাদেশ সরকারের বিদ্যুৎ খাতের উন্নয়ন ও সংস্কার কর্মসূচির অংশ হিসেবে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠিত হয়। ২০০০ সালের ২৮ জুন কোম্পানি আইন, ১৯৯৪-এর অধীনে এটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়। পরে ২০০৩ সালের ১ মার্চ কোম্পানিটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও এপিএসসিএলের মধ্যে ২০০৩ সালে স্বাক্ষরিত প্রথম Provisional Vendor’s Agreement-এর মাধ্যমে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কমপ্লেক্স কোম্পানিটির কাছে হস্তান্তর করা হয়। একই বছরের ১ জুন থেকে আনুষ্ঠানিকভাবে কোম্পানিটির কার্যক্রম শুরু হয়।

বিদ্যুৎকেন্দ্র পরিচালনা, সংরক্ষণ ও উন্নয়নসহ কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনা নির্ধারিত ব্যবস্থাপনা কাঠামোর মাধ্যমে পরিচালিত হয়। এতে ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালন ও সংরক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন, মানবসম্পদ ও প্রশাসন এবং অর্থ বিভাগের নির্বাহী পরিচালকেরা দায়িত্ব পালন করেন।

শেয়ার করুনঃ
Advertisement