বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচবারের এমপি আব্দুল হাই আর নেই
Published : ১০:২৭, ১৫ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আব্দুল হাই মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিভিন্ন তথ্যে তাঁর বয়স ৭৭ ও ৮০ বছর উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শোকবার্তা দিয়ে আব্দুল হাইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

শোকবার্তায় কামরুজ্জামান রতন বলেন, মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত।
তিনি জানান, আব্দুল হাই ঢাকা-৮ ও মুন্সীগঞ্জ-৪ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং জাতীয় সংসদের প্যানেল স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘদিন মুন্সীগঞ্জ জেলা বিএনপির নেতৃত্ব দেওয়া আব্দুল হাইয়ের রাজনৈতিক ও আর্থসামাজিক অবদানের কথা স্মরণ করে কামরুজ্জামান রতন বলেন, তাঁর মৃত্যুতে জেলার রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে।
শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান তিনি।
বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে মুন্সীগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



































