‘এই নৈরাজ্যের জন্য সন্তানরা জীবন দেয়নি’, আক্ষেপ শহীদ ফাইয়াজের বাবার
Published : ১৪:২০, ২১ নভেম্বর ২০২৬
২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ হওয়া ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভুঁইয়া দেশে চলমান রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্য নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তাঁর প্রশ্ন, যে পরিবর্তনের প্রত্যাশায় সন্তানরা জীবন দিয়েছেন, সেই লক্ষ্য কি শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যাবে?
ফারহান ফাইয়াজ কোনো রাজনৈতিক দলের কর্মী ছিলেন না। তাঁর পরিবারের সদস্যরাও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলে জানান তাঁর বাবা। শহীদুল ইসলাম ভুঁইয়ার ভাষ্য, তাঁর ছেলে ও অন্য আন্দোলনকারীরা ফ্যাসিবাদ এবং রাজনৈতিক বিভেদমুক্ত বাংলাদেশ চেয়েছিলেন।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আক্ষেপ করে শহীদুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘আজ দেশের এই নৈরাজ্য দেখে আমাদের ক্ষত আরও গভীর হয়ে যায়। কারণ, এ জন্য তো আমার ছেলেরা জীবন দেয়নি, তাই না? পাঁচ বছরও পার হয়নি, এরই মধ্যে আমরা আবার আগের সেই রাজনৈতিক সংস্কৃতি দেখতে পাচ্ছি। আমাদের দেশে জ্বালাও-পোড়াও ও ধ্বংসাত্মক যে রাজনীতি ছিল, সেই রাজনীতিই আবার ফিরে আসতে দেখছি।’
তিনি আরও বলেন, ২০২৪ সালের আগস্টের পর রাজনৈতিক বিভেদের সুযোগে আওয়ামী লীগ আবারও রাজনৈতিক পরিসরে জায়গা করে নেওয়ার সুযোগ পাচ্ছে বলে তাঁদের মনে হচ্ছে। তৃণমূল পর্যায়ে বিএনপি ও আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর মধ্যে এক ধরনের সমঝোতা বা এক হয়ে যাওয়ার চিত্রও তাঁরা দেখছেন বলে মন্তব্য করেন তিনি। তাঁর প্রশ্ন, তাহলে ২০২৪ সালের আন্দোলন কেন হয়েছিল এবং তাঁদের সন্তানদের জীবন দিতে হলো কেন?
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঘিরে নভেম্বর মাসে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, চোরাগোপ্তা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। সরকারি হিসাব অনুযায়ী, নভেম্বর মাসে অন্তত ২৫ জেলায় চোরাগোপ্তা হামলা ও বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গোপালগঞ্জের দুটি থানা এবং সরকারি-বেসরকারি অফিস, বাড়িঘর ও হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে।
শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক কাজী মাহবুবুর রহমান বলেন, বিএনপি সরকারে থাকলেও বিরোধী দলের মতো আক্রমণের শিকার হচ্ছে। তাঁর মতে, দলটির উদার রাজনৈতিক অবস্থানের কারণে সরকারে ও বিরোধী—উভয় অবস্থানেই দলটি নানা চাপ ও হামলার মুখে পড়ছে। তিনি বলেন, সরকারে থাকার পরও বিএনপির নেতাকর্মীরা অভ্যুত্থানবিরোধী শক্তির হাতে নিহত হওয়ার ঘটনা অকল্পনীয়।
সহিংসতার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন সম্ভব কি না—এমন প্রশ্নে কাজী মাহবুবুর রহমান বলেন, সহিংসতা করে কেউই ফিরে আসতে পারেনি। তাঁর মতে, প্রজন্মের পরিবর্তনের কারণে পুরোনো রাজনৈতিক কৌশল এখন আর কার্যকর হওয়ার সম্ভাবনা কম। বর্তমানে দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ জেনারেশন জেড বা জেন-জি প্রজন্মের বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাহবুব আজীজ বলেন, সহিংসতা একটি বাস্তবতা হলেও তা সমাধানের আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে সরকারকে অভিভাবকের ভূমিকা পালন করতে হবে। তাঁর মতে, জনগণের ভোটে নির্বাচিত শক্তিশালী সরকারের এ বিষয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই।
শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকেরাও আওয়ামী লীগ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিচ্ছেন।































