মালয়েশিয়া-চীন সফরের সব অর্জন বাংলাদেশের মানুষের: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া-চীন সফরের সব অর্জন বাংলাদেশের মানুষের: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদে কথা বলেন। ছবি: পিএমও

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:০৯, ২৭ জুন ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষ সরকারের ওপর তাদের স্বার্থ রক্ষার দায়িত্ব অর্পণ করেছে। সেই দায়িত্ব পালনের অংশ হিসেবেই মালয়েশিয়া ও চীন সফরে তিনি বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন।

শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন)-এর ১৬তম কার্যদিবসে তাঁর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের জন্য উত্থাপিত ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ার পর সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, এই সফরে কোনো ব্যক্তিগত বিষয় ছিল না। সফর থেকে যদি কোনো ইতিবাচক অর্জন হয়ে থাকে, তবে তা বাংলাদেশের এবং দেশের মানুষের অর্জন।

বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী ২১ থেকে ২৬ জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীনে তাঁর প্রথম সরকারি ছয় দিনের সফর সম্পন্ন করেন। সফর সফলভাবে শেষ করায় জাতীয় সংসদের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়।

জবাবে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁদের রাজনৈতিক দর্শনের অন্যতম মূলনীতি হলো ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’, যা জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিফলন।

তিনি সরকারি ও বিরোধী দলের সব সদস্যকে, বিশেষ করে বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের মানুষের স্বার্থে কাজ করার বিষয়ে বিরোধী দলও তাঁকে উৎসাহ দিয়েছে।

এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর সফরের সাফল্যের জন্য ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব উত্থাপন করেন। বিস্তারিত আলোচনার পর প্রস্তাবটি কণ্ঠভোটে গৃহীত হয়।

আলোচনায় অংশ নিয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যরা সফরটিকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সফরের কৌশলগত গুরুত্ব তুলে ধরেন।

ভোটের আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, সংসদের আলোচনায় স্পষ্ট হয়েছে যে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে।

শেয়ার করুনঃ
Advertisement