রদ্রির সম্মতি, ব্যক্তিগত শর্তে সমঝোতা; সিটির সঙ্গে টাকার অঙ্কেই আটকে বার্সার দলবদল

রদ্রির সম্মতি, ব্যক্তিগত শর্তে সমঝোতা; সিটির সঙ্গে টাকার অঙ্কেই আটকে বার্সার দলবদল ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১৭:৫৫, ১২ আগস্ট ২০২৬

স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি হার্নান্দেজের সঙ্গে ব্যক্তিগত শর্তে সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা। তবে ম্যানচেস্টার সিটির সঙ্গে দলবদলের অর্থের অঙ্কে এখনো একমত হতে পারেনি কাতালান ক্লাবটি। ফলে রদ্রিকে দলে ভেড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটিই এখনো বাকি।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, রদ্রিকে ছাড়তে ম্যানচেস্টার সিটি বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ১৪০ কোটি টাকা দাবি করছে। শুরুতে বার্সেলোনা প্রায় ৭১২ কোটি টাকার বেশি দিতে রাজি ছিল না। তবে সিটির অনড় অবস্থানের কারণে প্রস্তাব বাড়াতে হচ্ছে তাদের।

দলবদলবিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর সর্বশেষ তথ্য অনুযায়ী, সিটির কাছে প্রায় ৮৫৫ কোটি টাকা ও বোনাস দেওয়ার প্রস্তাব দিয়েছে বার্সেলোনা। এরপরও দুই ক্লাবের চাওয়া-পাওয়ার মধ্যে প্রায় ২৮৫ কোটি টাকার ব্যবধান রয়েছে।

বোনাস ও অন্যান্য শর্ত যুক্ত করে মাঝামাঝি কোনো অঙ্কে দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলতি সপ্তাহের মধ্যেই চুক্তি সম্পন্ন করার চেষ্টা চালাচ্ছে বার্সেলোনা।

রদ্রির সঙ্গে ম্যানচেস্টার সিটির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ৩০ জুন। নতুন চুক্তিতে অনাগ্রহী রদ্রি বার্সেলোনায় যোগ দিতে আগ্রহী হওয়ায় আলোচনায় কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে কাতালান ক্লাবটি। তবে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডারকে কম দামে ছাড়তে নারাজ সিটি।

এএসের দাবি, গত বৃহস্পতিবার রদ্রির সঙ্গে ব্যক্তিগত সমঝোতার বিষয়টি ক্লাবের অভ্যন্তরে নিশ্চিত করেছে বার্সেলোনা। ফলে শেষ পর্যন্ত দলবদল সম্পন্ন না হলে ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার ওপরও চাপ তৈরি হতে পারে।

রদ্রিকে দলে নিতে প্রয়োজনে প্রস্তাব আরও বাড়ানোর প্রস্তুতি রয়েছে বার্সার। পিএসজিতে ফেরান তোরেসের সম্ভাব্য দলবদল থেকে পাওয়া অর্থ দিয়েও রদ্রির চুক্তির অর্থ মেটানোর পরিকল্পনা রয়েছে তাদের। তবে সেই দলবদল সম্পন্ন হওয়ার অপেক্ষায় রদ্রির চুক্তি আটকে রাখতে চায় না ক্লাবটি।

এদিকে রদ্রিও বার্সেলোনায় নতুন বাড়ি খুঁজতে শুরু করেছেন বলে দাবি করেছে এএস। ফেরান তোরেস পিএসজিতে গেলে তাঁর বর্তমান বাড়িটিই রদ্রির সম্ভাব্য নতুন ঠিকানা হতে পারে।

২০২৪ সালের ব্যালন ডি’অরজয়ী রদ্রি সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচিত। তাকে দলে নেওয়াকে এবারের গ্রীষ্মকালীন দলবদলে নিজেদের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে দেখছে বার্সেলোনা। তবে ম্যানচেস্টার সিটির সঙ্গে অর্থের ব্যবধান না মেটা পর্যন্ত রদ্রির বার্সায় যোগ দেওয়া নিশ্চিত হচ্ছে না।

শেয়ার করুনঃ
Advertisement