ইংলিশ ফুটবলে অভিষেকেই আলো ছড়ালেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান
Published : ১৯:৪৬, ১৯ আগস্ট ২০২৬
ইংলিশ ফুটবলে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম থেকে ধারে বোরহ্যাম উডে যোগ দেওয়ার পর অভিষেক ম্যাচেই নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়েছেন ১৯ বছর বয়সী এই ফুটবলার।
মঙ্গলবার (১৮ আগস্ট) ন্যাশনাল লিগের ‘সি’ গ্রুপের ম্যাচে লিডস ইউনাইটেড অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে ৫-২ গোলের বড় জয় পায় বোরহ্যাম উড। ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ফারহান।
ঘরের মাঠ মিডো পার্কে প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। ম্যাচের ৪১ মিনিটে বক্সের ভেতর থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে বোরহ্যাম উডের হয়ে গোল করেন ফারহান।
প্রথমার্ধের যোগ করা সময়ে সতীর্থ তারান আল্লারাখিয়ার গোলেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ম্যাচের ৮২ মিনিটে মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় ড্রিবলিং করে প্রতিপক্ষের ডিফেন্ডারকে পরাস্ত করে নেওয়া তার শটও দর্শকদের নজর কাড়ে।
ম্যাচ শেষে বোরহ্যাম উডের অফিসিয়াল ওয়েবসাইটে ফারহানের পারফরম্যান্সের প্রশংসা করা হয়। ক্লাবটির পক্ষ থেকে বলা হয়, সাবলীল ফুটবল, বুদ্ধিদীপ্ত পাস এবং দ্রুত বল পুনরুদ্ধারের দক্ষতায় অভিষেক ম্যাচেই তিনি সবাইকে মুগ্ধ করেছেন।
ফুলহ্যাম একাডেমি থেকে উঠে আসা
মাত্র ১২ বছর বয়সে ফুলহ্যাম একাডেমিতে যোগ দেন ফারহান আলী ওয়াহিদ। গত মৌসুমে প্রিমিয়ার লিগ-২-এর অনূর্ধ্ব-২১ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি।
২১ ম্যাচে ৬ গোল ও ৯টি অ্যাসিস্ট করে নভেম্বরের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পাশাপাশি লিগের বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা করে নেন এই তরুণ উইঙ্গার।
বাংলাদেশের ফুটবলেও ফারহানকে ঘিরে তৈরি হয়েছে আগ্রহ। ভবিষ্যতে তাকে লাল-সবুজ জার্সিতে খেলাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
চলতি মৌসুমে ধারে বোরহ্যাম উডের হয়ে খেলবেন ফারহান। ইংলিশ ফুটবলে অভিষেকেই তার এমন পারফরম্যান্স বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যেও নতুন আশার সঞ্চার করেছে।


































