ইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোস

ইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোস ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১৩:৩৩, ২০ আগস্ট ২০২৬

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—কয়েকদিন ধরে দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়েছিল। তবে সেই গুঞ্জনকে সরাসরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সাবেক এই তারকা ফুটবলার নিজেই।

মরক্কোর নাগরিক সুহাইলা আল-তাহিরিকে বিয়ের পর রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন—এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে কার্লোস জানিয়েছেন, ধর্মান্তরিত হওয়ার খবর সত্য নয়।

সম্প্রতি তুরস্কের কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, ৫৩ বছর বয়সী রবার্তো কার্লোস ব্রাজিলের মুসলিম সমাজের পরিচিত মুখ শেখ জিহাদ হামাদের কাছে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন।

পরে তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদ সদস্য আলি শাহিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টেও দাবি করেন, কার্লোস দীর্ঘদিন ধরে ওই শেখের সংস্পর্শে ছিলেন এবং প্রায় চার সপ্তাহ আগে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেছেন।

এমন খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।

‘ইসলাম গ্রহণের খবর সত্য নয়’

অবশেষে বুধবার (১৯ আগস্ট) সৌদিভিত্তিক সংবাদমাধ্যম ‘ওকাজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খোলেন রবার্তো কার্লোস।

তিনি স্পষ্ট করে জানান, ইসলাম ধর্ম গ্রহণের খবর সত্য নয়। তবে ইসলাম ধর্মের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

কার্লোস জানান, তার স্ত্রী নিয়মিত নামাজ পড়েন এবং তাকে নামাজ পড়তে দেখতে তার ভালো লাগে।

বিয়ের অনুষ্ঠান নিয়ে ব্যাখ্যা

রবার্তো কার্লোসকে ঘিরে ছড়িয়ে পড়া একটি ছবিকে কেন্দ্র করেই ধর্মান্তরের গুঞ্জন আরও জোরালো হয়েছিল। সেই ছবির বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি জানান, তাদের বিয়েতে একাধিক ধর্মীয় রীতি অনুসরণ করা হয়েছিল।

তার ভাষ্য অনুযায়ী, পারিবারিকভাবে ক্যাথলিক রীতি মেনে একটি অনুষ্ঠান হয়েছে। পাশাপাশি স্ত্রী ও তার পরিবারের বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে মুসলিম রীতিতেও আলাদা একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আর সেই মুসলিম রীতির অনুষ্ঠানের ছবি থেকেই তার ইসলাম গ্রহণের গুঞ্জন ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

ফলে আপাতত রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণ নিয়ে ছড়িয়ে পড়া খবরের অবসান ঘটল তার নিজের বক্তব্যেই।

শেয়ার করুনঃ
Advertisement