বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ: ১২০ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
Published : ১৭:৩৬, ৩ অক্টোবর ২০২৪
স্কটল্যান্ডের সামনে ১২০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ। শারজায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টসে জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে তারা তুলতে পারে ৭ উইকেটে ১১৯ রান।
শুরু থেকেই উইকেট ধরে রেখে খেলেছে বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টির মূল ফোকাস রান। দ্রুত রান আসেনি। ১০ ওভারের পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট খোয়াতে থাকে বাংলাদেশ।
ভালোই খেলছিলেন দুই উদ্বোধনী ব্যাটার সাথী এবং মুর্শিদা। ৪.৩ ওভারে দলীয় ২৬ রানে আউট হয়ে যান মুর্শিদা। তাঁর ব্যক্তিগত সংগ্রহ ১৪ বলে ১২ রান। ক্রিজে আসেন সোবহানা মুস্তারি। এরপর কমে যায় রানের গতি। ৫৫ বলে আসে অর্ধশত। ১০ ওভারে রান আসে ৫৫। ১১ ওভারে আসে ৬০ রান। হাতে ৯ উইকেট থাকলেও রানের গতি বাড়াতে পারেনি টাইগ্রেসরা। দলীয় ৬৮ রানে আউট হয়ে যান সাথী। তিনি ৩২ বলে করেন ২৯ রান। এরপর দলের রান ২ যোগ হতেই তাজ নেহার এক বল খেলে শূণ্যতে হয়ে যান রান আউট। ক্রিজে আসে অধিনায়ক নিগার। ১৫ ওভার শেষে রান হয় ৩ উইকেটে ৮৬। ১৬তম ওভারের প্রথম বলেই বিদায় নেন সোবহানা মুশতারি, ৩৮ বলে তাঁর সংগ্রহ ৩৬। স্বর্না আক্তারকে নিয়ে এগোতে থাকেন নিগার। ঠুকঠাক করে ১, ২, ০ এভাবেই চলতে থাকে রানের গতি। ১৬ ওভারে রান আসে ৯১/৪।
৬ উইকেট হাতে নিয়ে শেষের চার ওভার মোকাবেলা করে বাংলাদেশের মেয়েরা। প্রত্যাশা ছিল দ্রুত রান আসবে। আসেনি তখনো। বোলিং-ফিল্ডিং সব দিক দিয়েই স্কটল্যান্ড ছিল দুর্দান্ত। ১৭তম ওভারে আসে ৬ রান। ওদিকে ১৮ তম ওভারের প্রথম বলেই আউট স্বর্না, ৭ বলে তার সংগ্রহ ৫! এরপর রিতু মনির পালা। দ্বিতীয় বলেই তিনি বাউন্ডারি মারেন। পূর্ন হয় দলীয় শতরান। ওভারের শেষ বলে আউট তিনিও। ১০৩ রানে পড়ে ৬ষ্ঠ উইকেট। উনিশতম ওভারের প্রথম বলে রান পাননি নিগার। ফাহিমা অবশ্য প্রথম বলেই বাউন্ডারি পান। ওই ওভারে আসে ৯ রান। শেষ ওভারের ৫ম বলে ফিরে যান নিগার, ১৮ বলে করতে পারেন ১৮ রান। ৭ উইকেটে ১১৯ রানে থেমে যায় বাংলাদেশ।
খেলা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে। যদিও এই বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ থেকে টুর্নামেন্ট চলে যায় আরব আমিরাতে। আর তাই আয়োজক হিসেবে থাকছে বাংলাদেশের নাম।
এই ম্যাচে বাংলাদেশই ফ্যাবারিট ছিল। এর আগে দুই দলের মধ্যে অনুষ্ঠিত ৪ ম্যাচের সবগুলোতেই জিতেছে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে আজ শততম ম্যাচ খেলছেন অধিনায়ক নিগার সুলতানা। ওদিকে বা হাতি স্পিনার নাহিদা আক্তার আর একটি উইকেট পেলেই টি টোয়েন্টিতে শততম উইকেট নেয়ার গৌরব অর্জন করবেন।
বাংলাদেশ খেলছে বি গ্রুপে। আজকের এই দুল দল ছাড়াও বি গ্রুপে আরো আছে দক্ষিন আফ্রিকা, ইংল্যান্ড এবং ওয়েষ্ট ইন্ডিজ। এ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। দুই গ্রুপের সেরা দুই দল খেলবে সেমি ফাইনালে। ২০ অক্টোবর হবে ফাইনাল।
বাংলাদেশ একাদশ: সাথী রানী, মুর্শিদা খাতুন, সোবহানা মুস্তারি, নিগার সুলতানা, তাজ নেহার, স্বর্না আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার এবং মারুফা আক্তার।
স্কটল্যান্ড একাদশ: সাস্কিয়া হর্লি, সারা ব্রেস, ক্যাথিরিন ব্রেস, আইলসা লিস্টার, প্রিয়ানাজ চ্যাটার্জি, ডার্সি কার্টার, ক্যাথরিন ফ্রেজার, রাচেল স্ল্যাটার, আবতাহা মাকসুদ, লর্না জ্যাক এবং অলিভিয়া বেল।
এনই


































