আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু

আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৪০, ৬ ফেব্রুয়ারি ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভাইস প্রেসিডেন্ট আবদুর রশিদ জিতু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে তিনি বিএনপিতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে আবদুর রশিদ জিতু বলেন, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আজ থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ শুরু করছি, ইনশাআল্লাহ।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাকসু ভিপি জিতুসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদের নির্বাচিত বহু প্রতিনিধি আজ বিএনপি ও এর অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। তিনি নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, তাদের এই যুক্ত হওয়া সংগঠনকে আরও শক্তিশালী করবে।

এদিন শুধু আবদুর রশিদ জিতুই নন, জাকসুর বিভিন্ন পর্যায়ের আরও কয়েকজন নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দেন। তাদের মধ্যে রয়েছেন শহিদ সালাম বরকত হলের ভিপি মারুফ হাসান ও জিএস মাসুদ রানা মিন্টু এবং আ ফ ম কামালউদ্দিন হলের এজিএস রিপন মন্ডল। তবে তারা যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

এছাড়াও ছাত্রদলে যোগদান করেছেন নবাব সলিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব, আল বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ শাকিল, আফম কামালউদ্দিন হলের ভিপি জিএম এম রায়হান কবীর, রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বনিক, নওয়াব ফয়জুননেসা হলের ভিপি বুবলি আহমেদ, বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা বিথি, মীর মোশাররফ হোসেন হলের জিএস শাহরিয়ার নাজিম রিয়াদ এবং শহীদ রফিক জব্বার হলের জিএস শরীফুল ইসলাম।

উল্লেখ্য, আবদুর রশিদ জিতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক ছিলেন। তিনি তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী।

জুলাই আন্দোলনের শুরু থেকেই তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। এমনকি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট যৌক্তিক আন্দোলনগুলোতেও তিনি ছিলেন প্রথম সারিতে। মূলত জুলাই আন্দোলনের মধ্য দিয়েই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার জনপ্রিয়তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement