ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে হস্তান্তর করেন। উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।
উপাচার্য পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি শনিবার সকালে সম্পন্ন হলেও মন্ত্রণালয় থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ব্যক্তিগত ও প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আগেই সংবাদ সম্মেলনে উল্লেখ করেছিলেন যে বিশ্ববিদ্যালয়ের আপৎকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং সার্বিকভাবে একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেই প্রেক্ষিতে দায়িত্ব পালনের পর একটি সুস্থ পর্যায়ে পৌঁছানোর পর তিনি পদত্যাগ করতে চান।
ড. নিয়াজ আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে হঠাৎ কোনো শূন্যতা সৃষ্টি না হয়, তাই ধারাবাহিকতা বজায় রাখতে সরকার ও সংশ্লিষ্টরা চাইলে তিনি কিছু সময় পর্যন্ত দায়িত্বে থাকতে রাজি। তিনি উল্লেখ করেছেন যে সুষ্ঠু ট্রানজিশন নিশ্চিত করা তার জন্য গুরুত্বপূর্ণ, যাতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে কোনো বিঘ্ন না ঘটে।


































