হাজারীবাগে শিক্ষার্থী হত্যায় যুবক গ্রেপ্তার, উদ্ধার রক্তমাখা ছুরি ও জামা

হাজারীবাগে শিক্ষার্থী হত্যায় যুবক গ্রেপ্তার, উদ্ধার রক্তমাখা ছুরি ও জামা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৪৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর হাজারীবাগ এলাকায় স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) হত্যা মামলায় সিয়াম নামে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও রক্তমাখা পোশাক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর কাঁঠালবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।

এর আগে বুধবার রাত ৯টার দিকে হাজারীবাগের রায়েরবাজার এলাকায় নিজ বাসার সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা বিন্তিকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেলে নিহতের বাবা বেল্লাল হোসেন জানান, তাদের বাসা রায়েরবাজারের হায়দার হোটেলের গলিতে। বিন্তি রায়েরবাজার উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। দুই সন্তানের মধ্যে সে ছিল বড়।

তিনি বলেন, রাতে বিন্তি তার ছোট ভাই নাবিলকে সঙ্গে নিয়ে বাইরে বের হয়। কিছু সময় পর বাসার নিচে হট্টগোল শুনে তিনি নিচে নেমে দেখেন, কে বা কারা তার মেয়েকে কুপিয়ে ফেলে রেখে গেছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে শিকদার মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

নিহতের মা নাদিয়া বেগম জানান, রাত ৮টার দিকে বিন্তি ও তার ভাই নিচে নামে। বাজার থেকে কাঁচা তরকারি কিনে বাসার নিচে রেখে সে মসজিদের দিকে যায়। পরে চিৎকার-চেঁচামেচি শুনে নিচে নেমে দেখেন, তার মেয়েকে ঘিরে স্থানীয় লোকজন দাঁড়িয়ে আছে। উপস্থিত অনেকেই জানান, আহত অবস্থায় বিন্তি বলেছিল সিয়াম নামে এক যুবক তাকে ছুরিকাঘাত করেছে।

তিনি আরও অভিযোগ করেন, তিন-চার বছর ধরে সিয়াম মোবাইল ফোনে তার মেয়েকে বিরক্ত করছিল। একপর্যায়ে তিনি নিজে ফোনে সিয়ামকে বকাবকি করেন। তার দাবি, সেই ক্ষোভ থেকেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তিনি মেয়ের হত্যার বিচার এবং অভিযুক্ত সিয়ামের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে জানান, নিহতের কাঁধ ও পিঠে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুরো ঘটনাটি হাজারীবাগ থানা পুলিশ তদন্ত করে দেখছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement