প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিজিএমইএ এবং বিকেএমইএ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:৩৮, ১২ মে ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

তিনি বলেন, সাক্ষাৎকালে দেশের তৈরি পোশাক ও নিটওয়্যার শিল্পের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে জানান, দেশের অর্থনীতিতে তৈরি পোশাক শিল্প গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ শিল্পকে আরও প্রতিযোগিতামূলক ও টেকসই করতে নীতি সহায়তা, অবকাঠামোগত উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে সরকারের সহযোগিতা প্রয়োজন।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনীতিতে তৈরি পোশাক খাতের অবদানের প্রশংসা করেন এবং শিল্পখাতের উন্নয়ন ও রপ্তানি বৃদ্ধি অব্যাহত রাখতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

এছাড়াও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বৈঠকে অংশ নেন।

শেয়ার করুনঃ
Advertisement