কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণে রাজধানী ঘুরলেন প্রধানমন্ত্রী
Published : ০২:১৭, ৩০ মে ২০২৬
রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে দেখতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার বিকেল থেকে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
তিনি জানান, ঈদুল আজহার পর রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম কতটা কার্যকরভাবে পরিচালিত হচ্ছে, তা পর্যবেক্ষণ করতেই প্রধানমন্ত্রী এ পরিদর্শনে বের হন।
জাহিদুল ইসলাম রনি বলেন, প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে যাত্রা শুরু করে গুলশান-১, হাতিরঝিল, রামপুরা ও মালিবাগ হয়ে বাসাবো এলাকায় যান। পরে তিনি কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, নারিন্দা, আদালত সড়ক, নয়া বাজার, বংশাল ও গুলিস্তান এলাকার পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন।
তিনি আরও জানান, এরপর শাহবাগ, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নিউমার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, কলাবাগান, মিরপুর রোড, সীমান্ত স্কয়ার, জিগাতলা, মানিক মিয়া এভিনিউ এবং মহাখালীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
সরকারি সূত্র বলছে, ঈদের পর রাজধানীকে দ্রুত পরিচ্ছন্ন করতে সিটি কর্পোরেশনগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।



































