কোরবানির বর্জ্য অপসারণে গাফিলতি, দুই সিটি কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

কোরবানির বর্জ্য অপসারণে গাফিলতি, দুই সিটি কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:২৯, ৩০ মে ২০২৬

রাজধানীর কয়েকটি এলাকায় কোরবানির বর্জ্য ও জমে থাকা ময়লা অপসারণে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম শনিবার রাতে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো ধরনের আনুষ্ঠানিক প্রোটোকল ছাড়াই রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের সময় এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকার কয়েকটি স্থানে কোরবানির বর্জ্য এবং আগের জমে থাকা আবর্জনা পড়ে থাকতে দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এরপর তাঁর নির্দেশে ঢাকা উত্তর সিটি করপোরেশন–এর জোন-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন–এর জোন-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির–কে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত (ওএসডি) করা হয়।

প্রতিমন্ত্রী জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়কে বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে গাড়িতে ছিলেন মীর শাহে আলম, মো. আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম।

শেয়ার করুনঃ
Advertisement