বিন্তি হত্যার নেপথ্যে কী? সিসিটিভি ফুটেজ ঘিরে চাঞ্চল্য
Published : ১৩:০৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীর হাজারীবাগে শাহরিয়ার শারমিন বিন্তি নামের এক স্কুলছাত্রীকে হত্যার ঘটনায় একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। ফুটেজটি প্রকাশ্যে আসার পর ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হাজারীবাগ থানাধীন হায়দার হোটেলের গলির ভেতরে ওই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়। ঘটনার পরদিন বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর কাঁঠালবাগান এলাকা থেকে সিয়াম নামে এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুধবার রাত সোয়া ৯টার দিকে হায়দার হোটেলের গলি দিয়ে এক তরুণের সঙ্গে হেঁটে যাচ্ছেন বিন্তি। কিছু সময় পর পাশের একটি অন্ধকার গলি থেকে রক্তাক্ত অবস্থায় তার চিৎকার শোনা যায়।
চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা বেল্লাল হোসেন জানান, বুধবার রাতে বিন্তি তার ছোট ভাই নাবিলকে সঙ্গে নিয়ে বাইরে বের হয়। কিছুক্ষণ পর বাসার নিচে হৈচৈ শুনে তিনি নেমে দেখেন, কে বা কারা তার মেয়েকে কুপিয়ে ফেলে রেখে গেছে।
মা নাদিয়া বলেন, রাতে বিন্তি ও তার ভাই নিচে নামে। বাজার থেকে সবজি কিনে বোনকে বাসার নিচে এগিয়ে দিয়ে নাবিল মসজিদে চলে যায়। পরে হট্টগোল শুনে নিচে নেমে দেখেন, বিন্তিকে ঘিরে অনেকেই দাঁড়িয়ে আছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বিন্তির কাঁধ ও পিঠে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রেমসংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাত করে ওই শিক্ষার্থীকে হত্যা করা হয়ে থাকতে পারে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
বিডি/এএন


































