৯৯৯-এ ফোন, মহাখালী থেকে চুরি হওয়া এনা পরিবহনের বাস উদ্ধার

৯৯৯-এ ফোন, মহাখালী থেকে চুরি হওয়া এনা পরিবহনের বাস উদ্ধার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:০৬, ১৯ আগস্ট ২০২৬

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে চুরি হওয়া এনা পরিবহনের একটি বাস মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাস থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পুলিশ পরিদর্শক ও গণমাধ্যম-জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, ভোর ৪টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল থেকে মাহফুজ নামের এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, টার্মিনালে পার্কিং করে রাখা ৪০ আসনের এনা পরিবহনের একটি বাস চুরি হয়ে গেছে। বাসটিতে থাকা জিপিএস ট্র্যাকার থেকে তারা দেখতে পান, বাসটি মিরপুর বেড়িবাঁধ এলাকায় চলাচল করছে।

খবর পেয়ে ৯৯৯ থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কন্ট্রোলরুম, তুরাগ থানা ও রূপনগর থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়। কলটি গ্রহণ করেন কলটেকার কনস্টেবল সাখাওয়াত হোসেন। পরে ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই আমিনুল ইসলাম কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।

আনোয়ার সাত্তার জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে রূপনগর থানার একটি দল মিরপুর বেড়িবাঁধের পঞ্চবটি মোড় থেকে প্রায় ৫০০ গজ উত্তরে ধাওয়া করে এনা পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৪-৭৩০৯ নম্বরের বাসটি আটক করে।

এ সময় বাসে থাকা দুই ব্যক্তিকে চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. রাসেল (২১) ও লালচান (৩০)।

পুলিশ জানায়, রাসেল নরসিংদীর রায়পুর থানার হিঙ্গাতলী এলাকার মো. রবিউল্লাহর ছেলে। বর্তমানে তিনি মহাখালী বাস টার্মিনালে থাকেন। অন্যদিকে লালচানের বাড়ি শেরপুরের ঝিনাইগাতী থানার পাইকড়া এলাকায়। তিনি তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন তিব্বত এলাকার একটি আলকাতরা ফ্যাক্টরিতে থাকেন।

আনোয়ার সাত্তার বলেন, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুনঃ
Advertisement