পাংশায় মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

পাংশায় মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ছবি: সংগৃহীত

রাজবাড়ী প্রতিনিধি

Published : ১৩:৪১, ১৯ আগস্ট ২০২৬

রাজবাড়ীর পাংশায় মোটর চুরির অভিযোগে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে।

বুধবার (১৯ আগস্ট) ভোরে কসবামাঝাইল ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। পরে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জজ আলী বিশ্বাস উপজেলার পাট্টা ইউনিয়নের মাঝাইল গ্রামের সুরাই বিশ্বাসের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গভীর রাতে পাঁচবাড়িয়া গ্রামের করিম মণ্ডলের মিলে পানির মোটর চুরি করতে যাওয়ার অভিযোগে জজ আলীকে স্থানীয়রা আটক করেন। পরে তাকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার প্রকৃত কারণ এবং কারা এতে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মোটর চুরির অভিযোগে এলাকাবাসী ওই যুবককে পিটিয়েছে। পরে তার মৃত্যু হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুনঃ
Advertisement