রাজধানীতে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ ৩ পলাতক আসামি গ্রেপ্তার
Published : ১৩:৪৮, ১৯ আগস্ট ২০২৬
রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামি ও ৬টি পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গ্রেপ্তার তিনজন হলেন—কাজী শামসুর রহমান (৩৫), সাবানা আক্তার জুনি (৩০) এবং আনিসুর রহমান ওরফে হুমায়ুন (৫৫)। তাদের মধ্যে কাজী শামসুর রহমান ৫ বছর এবং সাবানা আক্তার জুনি ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি। অপর আসামি আনিসুর রহমানের বিরুদ্ধে মোট ৬টি পরোয়ানা রয়েছে।
বুধবার (১৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উত্তরা পূর্ব থানার ৬ নম্বর সেক্টরের ৮ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে কাজী শামসুর রহমান ও সাবানা আক্তার জুনিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, কাজী শামসুর রহমান ৫ বছরের সাজাপ্রাপ্ত এবং সাবানা আক্তার জুনি ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
অন্যদিকে, রাজধানীর পল্টন থানাধীন শান্তিনগর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ৬টি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আনিসুর রহমান ওরফে হুমায়ুনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
নিয়াজ মেহেদী জানান, আনিসুর রহমানের বিরুদ্ধে ৫টি সিআর সাজা পরোয়ানা এবং একটি সাধারণ সিআর পরোয়ানাসহ মোট ৬টি পরোয়ানা রয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির একটি দল শান্তিনগর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
































