সিইপিজেডে আটক তরুণকে ছিনিয়ে নেওয়া: মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ৪

সিইপিজেডে আটক তরুণকে ছিনিয়ে নেওয়া: মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ৪ ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি

Published : ১৫:২৭, ১৯ আগস্ট ২০২৬

চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনে (সিইপিজেড) চুরির অভিযোগে আটক এক তরুণকে ছিনিয়ে নেওয়ার দুই দিনের মাথায় মূল অভিযুক্তসহ চারজনকে গ্রেপ্তার করেছে ইপিজেড থানা-পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) ভোররাতে ইপিজেড ও বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ছিনিয়ে নেওয়া মূল অভিযুক্ত আসলাম শেখ (২৪) রয়েছেন। তবে গ্রেপ্তার অন্য তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট রাতে সিইপিজেডের ‘মেসার্স তারিক আজিম টেক্সটাইল লিমিটেডে’ চুরির চেষ্টার সময় আসলাম শেখকে হাতেনাতে আটক করেন বেপজার নিরাপত্তাকর্মী ও আনসার সদস্যরা।

পরে তাকে সিইপিজেড পুলিশ ফাঁড়িতে হস্তান্তরের জন্য সরকারি গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে ‘বিডি অ্যাপারেল্স’ গেটের সামনে ৩০ থেকে ৪০ জনের একটি দল গাড়িটির গতিরোধ করে।

অভিযোগ রয়েছে, ওই দলটি বেপজার সরকারি গাড়ি ভাঙচুর করে এবং দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের মারধর করে আসলাম শেখকে ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় বেপজার সহকারী পরিচালক (প্রশাসন ও এস্টেট) পাপ্পু দে বাদী হয়ে ইপিজেড থানায় মামলা করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

ইপিজেড থানার ওসি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement