বক্স অফিসে ইমরান হাশমির রাজকীয় প্রত্যাবর্তন, প্রথম দিনেই ‘আওয়ারাপন ২’র ঝড়
Published : ১৪:২১, ১৯ আগস্ট ২০২৬
দীর্ঘ বিরতির পর বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে বলিউড তারকা ইমরান হাশমির। তার অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশন-ড্রামা সিনেমা ‘আওয়ারাপন ২’ মুক্তির প্রথম দিনেই দুর্দান্ত সাড়া ফেলেছে।
বিশ্বব্যাপী মুক্তির প্রথম দিনেই সিনেমাটি প্রায় ২৭ কোটি রুপির বেশি আয় করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩৪ কোটি টাকার সমান। এর মধ্যে ভারতের অভ্যন্তরীণ বাজার থেকে প্রথম দিনে সিনেমাটির নেট আয় হয়েছে ২১ কোটি রুপি। গ্রস হিসাবে যা দাঁড়ায় ২৫ কোটি ২০ লাখ রুপি। আন্তর্জাতিক বাজারের আয় যোগ করে উদ্বোধনী দিনেই মোট সংগ্রহ ২৭ কোটি রুপি ছাড়িয়েছে।
প্রধান চরিত্রে অভিনয় করে এটি ইমরান হাশমির দীর্ঘ ক্যারিয়ারের সবচেয়ে বড় উদ্বোধনী দিনের আয় বলে দাবি করা হচ্ছে। এর আগে ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘বাদশাহো’ সিনেমার প্রথম দিনের আয় ছিল প্রায় সাড়ে ১২ কোটি রুপি। এবার সেই রেকর্ডের তুলনায় দ্বিগুণেরও বেশি আয় করেছে ‘আওয়ারাপন ২’।
মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রি থেকে সিনেমাটি ৮ কোটি রুপির বেশি আয় করে। শুক্রবার (১৪ আগস্ট) প্রেক্ষাগৃহে মুক্তির পর ভারতের ছোট ও মাঝারি শহরের সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সগুলোতে দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
সিনেমাটির গভীর রাতের শোগুলোতেও দর্শক উপস্থিতি ছিল প্রায় ৯০ শতাংশের কাছাকাছি। অনেক প্রেক্ষাগৃহে ‘হাউসফুল’ বোর্ডও দেখা যায়। আন্তর্জাতিক বাজারে তুলনামূলকভাবে সাড়া কম হলেও মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চল থেকে প্রথম দিনে প্রায় ২ লাখ ২০ হাজার মার্কিন ডলার আয় করেছে সিনেমাটি।
উদ্বোধনী দিনের আয় দিয়ে আরও কয়েকটি মাইলফলক অতিক্রম করেছে ‘আওয়ারাপন ২’। ২০০৪ সালের জনপ্রিয় সিনেমা ‘মার্ডার’-এর ভারতের মোট লাইফটাইম নেট আয় এবং বিশ্বব্যাপী গ্রস সংগ্রহকেও এক দিনের আয় দিয়ে ছাড়িয়ে যাওয়ার দাবি করা হয়েছে।
এমনকি ২০০৮ সালে মুক্তি পাওয়া মূল ‘আওয়ারাপন’ সিনেমার পুরো জীবদ্দশার আয়ও মাত্র ২৪ ঘণ্টায় অতিক্রম করেছে এর সিক্যুয়েল।
নিতিন কক্করের পরিচালনায় এবং বিশাল ভাটের প্রযোজনায় নির্মিত ‘আওয়ারাপন ২’-এ ‘শিবম পণ্ডিত’ চরিত্রে আবারও পর্দায় ফিরেছেন ইমরান হাশমি। সিনেমাটিতে তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাবানা আজমি, দিশা পাটানি ও সুবিন্দর ভিকি।
চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকে সিনেমাটি মিশ্র থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। বিশেষ করে ইমরান হাশমির অভিনয় ও সিনেমার আবেগঘন উপস্থাপনা প্রশংসিত হচ্ছে। বক্স অফিসে প্রথম সপ্তাহের এই গতি ধরে রাখতে পারলে খুব দ্রুত সিনেমাটি ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করতে পারে বলে ধারণা করছেন সিনে-বিশ্লেষকেরা।


































