খুলনায় যুবককে গুলি করে হত্যা, ঘাতকদের শনাক্তের দাবি পুলিশের

খুলনায় যুবককে গুলি করে হত্যা, ঘাতকদের শনাক্তের দাবি পুলিশের ছবি: সংগৃহীত

খুলনা প্রতিনিধি

Published : ১০:৪৩, ২২ অক্টোবর ২০২৬

খুলনার পূর্ব বানিয়াখামার এলাকায় তুষার (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে সদর থানার পূর্ব বানিয়াখামার আনসার আলী গলির সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার কথা জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কিছুটা দূর থেকে গুলির দুটি খোসা জব্দ করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, ভোরে পূর্ব বানিয়াখামার খাদেমুল উলুম মাদ্রাসার কাছে কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালালে তুষারের পিঠে গুলি লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন।

খুলনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তিনি আরও জানান, নিহত তুষারের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement