আরেক বৃদ্ধার গলিত লাশ উদ্ধার, স্বামী-ছেলে মেয়েরা কানাডা প্রবাসী
Published : ১৯:৩০, ৪ জুন ২০২৬
রাজধানীর পল্লবীতে একটি বাসা থেকে সেলিনা আফরোজ (প্রায় ৫৫) নামে এক নারীর পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি ঢাকায় এক বৃদ্ধার গলিত লাশ উদ্ধারের ঘটনায় সমালোচনার রেশ না কাটতেই এ ঘটনা সামনে এলো।
পল্লবী থানার পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে বুধবার (৪ জুন) ভোরে পল্লবী সেকশন-৬ এলাকার ১০ নম্বর সড়কের একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পল্লবী থানার পরিদর্শক এমদাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধারের সময় তা পচন ধরেছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, সেলিনা আফরোজের স্বামী মমিনুল হক এবং তাদের এক ছেলে ও দুই মেয়ে কানাডায় বসবাস করেন। সেলিনা নিজেও একসময় কানাডায় ছিলেন। তবে প্রায় ৮ থেকে ১০ বছর আগে দেশে ফিরে বাবার পল্লবীর বাসার ওই ফ্ল্যাটে একাই বসবাস শুরু করেন। একই ভবনের চতুর্থ তলায় তার এক বোন পরিবার নিয়ে থাকেন।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তা এসআই মোবারক আলী জানান, পারিবারিক কারণে দীর্ঘদিন ধরে স্বামীর থেকে আলাদা থাকতেন সেলিনা। তিনি একাই সংসার পরিচালনা করতেন এবং কোনো গৃহকর্মী ছিল না। গত ২৬ মে রাতে তার এক ভাতিজার সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
পুলিশ জানায়, দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে ডাইনিং রুমে সেলিনার মরদেহ পাওয়া যায়। তার মুখে রক্ত এবং মাথায় আঘাতের চিহ্ন ছিল। বাথরুমে পানির কল খোলা অবস্থায় পাওয়া গেছে।
এসআই মোবারক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসলের সময় বা বাথরুম থেকে বের হওয়ার পর তিনি পড়ে গিয়ে গুরুতর আঘাত পান এবং সেখানেই মারা যান। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ময়নাতদন্ত শেষে বুধবারই স্বজনরা পল্লবীর জান্নাতুল মাওয়া কবরস্থানে তার দাফন সম্পন্ন করেন।
এর আগে গত রোববার একই এলাকার আরেকটি বাসা থেকে নূরজাহান বেগম নামে এক বৃদ্ধার গলিত লাশ উদ্ধার করে পুলিশ। দীর্ঘদিন নিঃসঙ্গ জীবনযাপন করা ওই বৃদ্ধার মৃত্যুর পর তার সন্তানদের দায়িত্বহীনতা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরবর্তীতে তার বড় ছেলে, একজন যুগ্ম সচিব, প্রশাসনিকভাবে ওএসডি হন।

































