প্রযুক্তি খাতে বছরে ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের
Published : ২০:৪২, ১২ জুন ২০২৬
অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।
বাজেট বক্তৃতায় তিনি বলেন, প্রযুক্তি খাতের সম্প্রসারণের পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে ফ্রিল্যান্সিং, ডিজিটাল সেবা এবং ক্রিয়েটিভ সেক্টরে ব্যাপক প্রশিক্ষণের মাধ্যমে আরও ৮ লাখ পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি জানান, তরুণদের বৈশ্বিক কর্মবাজারের উপযোগী করে তুলতে বিভিন্ন দক্ষতা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিং, কেয়ারগিভিং এবং বিদেশি ভাষা প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির জন্য বিশেষ প্রকল্প বাস্তবায়ন করবে।
অর্থমন্ত্রী বলেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে হলে দক্ষ ও যুগোপযোগী মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। এ লক্ষ্যে সরকার একটি সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন করছে, যা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যৎ কর্মবাজারের চাহিদা অনুযায়ী জনশক্তি তৈরি করা হবে।
তিনি আরও বলেন, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে দেশের তরুণ জনগোষ্ঠীকে উৎপাদনশীল কর্মসংস্থানের আওতায় আনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করাই সরকারের লক্ষ্য।


































