নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র গ্রেপ্তার

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র গ্রেপ্তার নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেক্স

Published : ১০:২৪, ২৪ জুন ২০২৬

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আফতাব অটোমোবাইলসের পরিচালক মো. সাজেদুল ইসলাম শুভ্রকে রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন) ভোরে বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত থেকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ বাসাটিকে ঘিরে রাখে। এ অভিযানে সহযোগিতা করে বনানী থানা পুলিশও।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ রাতে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে আসে। পরে জানতে পেরেছি, তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

অন্যদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আফরোজা খানম বলেন, “নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে বলে শুনেছি। তবে অভিযানে থাকা দল তখনও তাকে থানায় নিয়ে আসেনি।”

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের হওয়া একটি মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা সূত্র জানায়, নাভানা গ্রুপ ও আফতাব অটোমোবাইলসের শ্রমিকদের বকেয়া পাওনা সংক্রান্ত অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল।

গ্রেপ্তার অভিযানে অংশ নেওয়া এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বনানীর বাসাটির সামনে তিন ঘণ্টারও বেশি সময় অবস্থান করেও পুলিশ প্রথমে ভবনের ভেতরে প্রবেশ করতে পারেনি। তার অভিযোগ, বাসার ভেতরে অবস্থানরত শুভ্রর গাড়িচালক ও দেহরক্ষীরা পুলিশ সদস্যদের কাজে বাধা দেন এবং অসহযোগিতামূলক আচরণ করেন।

তবে এ বিষয়ে নাভানা গ্রুপ বা সাজেদুল ইসলাম শুভ্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট মামলার আইনি প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে।

শেয়ার করুনঃ
Advertisement