জামালপুরে গ্যাসের দাবিতে মহাসড়ক অবরোধ

জামালপুরে গ্যাসের দাবিতে মহাসড়ক অবরোধ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:১৬, ১৩ আগস্ট ২০২৬

জামালপুরে সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবিতে জামালপুর–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকেরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৬টার দিকে শহরের বাইপাস এলাকায় এ কর্মসূচি শুরু হয়। এতে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে গিয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

চালকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তাঁরা প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না। গ্যাসের সংকটে গাড়ি চালাতে না পারায় তাঁদের আয়ও বন্ধ হয়ে গেছে। ফলে সংসারের খরচ, সন্তানদের পড়াশোনা এবং গাড়ির কিস্তি পরিশোধ নিয়ে বিপাকে পড়েছেন তাঁরা।

একমাত্র পাম্পে গ্যাস সরবরাহ বন্ধ

চালক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুরে দীর্ঘদিন ধরে জাবেদ ফিলিং স্টেশন নামের একটি গ্যাস পাম্পে অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে গ্যাস সরবরাহ করা হয়। ফলে সেখানে এমনিতেই দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

এর মধ্যে বুধবার রাত থেকে ওই ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। রাত থেকে ভোর পর্যন্ত অপেক্ষা করেও গ্যাস না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে সকাল ৬টার দিকে চালকেরা বাইপাস এলাকায় মহাসড়ক অবরোধ করেন।

বিক্ষোভকারীরা নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের পাশাপাশি জামালপুরে আরও একটি গ্যাস ফিলিং স্টেশন স্থাপনের দাবি জানান।

সাড়ে ৫ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার

অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁরা চালকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এরপর জামালপুর–টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, গ্যাস–সংকটের কারণে অটোরিকশাচালকেরা মহাসড়ক অবরোধ করেছিলেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

এদিকে অবরোধের কারণে টাঙ্গাইল হয়ে ঢাকাগামী যাত্রীরাও দুর্ভোগে পড়েন। এক যাত্রী বলেন, সমস্যার সমাধান প্রয়োজন, তবে সড়ক অবরোধের কারণে সাধারণ যাত্রীদেরও ভোগান্তিতে পড়তে হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement