ময়মনসিংহে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা
Published : ১৪:৪৪, ১৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহ শহরে দিনদুপুরে মো. রাব্বি নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের বীর মাসকান্দা পাসপোর্ট অফিসসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাব্বিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় রাব্বিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সুজাউদ্দিন জানান, বেলা সাড়ে ১২টার দিকে রাব্বিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম।
তিনি জানান, হত্যার কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ বা কারা এ ঘটনায় জড়িত, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।





























