মির্জা ফখরুলের মন্ত্রণালয়ে সালাহউদ্দিন, স্বরাষ্ট্র পেতে পারেন এ্যানি

মির্জা ফখরুলের মন্ত্রণালয়ে সালাহউদ্দিন, স্বরাষ্ট্র পেতে পারেন এ্যানি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৪১, ১৩ আগস্ট ২০২৬

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। তাঁর দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব সালাহউদ্দিন আহমেদকে দেওয়া হতে পারে বলে জানা গেছে।

অন্যদিকে বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে চলমান বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। একই সঙ্গে মন্ত্রিসভায় আরও কয়েকটি দপ্তরে পরিবর্তন আসতে পারে বলেও আলোচনা রয়েছে।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হওয়ার পর তাঁর মন্ত্রণালয়ের দায়িত্ব নতুন করে বণ্টনের প্রয়োজন তৈরি হয়েছে। এরই অংশ হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে সালাহউদ্দিন আহমেদের নাম সামনে এসেছে।

অন্যদিকে সালাহউদ্দিন আহমেদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে তাঁর বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসতে পারে। সে ক্ষেত্রে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে সূত্রের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

তবে মন্ত্রিসভার দপ্তর পুনর্বণ্টন এবং নতুন দায়িত্ব দেওয়ার বিষয়গুলো এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদনের পরই জানা যাবে।

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর শুধু মন্ত্রিসভায় নয়, বিএনপির সাংগঠনিক কাঠামোতেও পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। তাঁর মহাসচিব পদ শূন্য হওয়ায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব কে হবেন, তা নিয়েও আলোচনা চলছে।

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে দ্রুত সময়ের মধ্যে এসব বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement