ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল দিনমজুরের লাশ
Published : ১২:৩১, ২০ আগস্ট ২০২৬
ঝিনাইদহের কোটচাঁদপুরে নিখোঁজের চার দিন পর মফিজুল ইসলাম (৪০) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে উপজেলার কুশনা ইউনিয়নের হরিণদিয়া গ্রামের ঝামাঘাটা পাড়ার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মফিজুল ইসলাম হরিণদিয়া গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, চার দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরের একটি পুকুরে মফিজুলের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, মফিজুল ইসলাম মৃগীরোগে আক্রান্ত ছিলেন। তিনি প্রতিবন্ধী ভাতাও পেতেন।’
ওসি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

































