বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে, জামায়াত এখন আর ইসলামী দল নয়
Published : ১৮:৫২, ৮ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম অভিযোগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলের চেয়েও বর্তমান সরকার দেশকে আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে। তিনি মন্তব্য করেন, বর্তমানে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যেন "পাতি শৃগালের কাছে মুরগি বর্গা দিয়েছি আমরা।"
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলুম মাদরাসায় একটি কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে চরমোনাই পীর বলেন, জামায়াত তাদের লোগো থেকে 'আকিমুদদ্বিন' কথাটি বাদ দিয়েছে, যার ফলে সেখানে 'ইসলাম' শব্দটি আর থাকছে না এবং দলটিকে এখন আর ইসলামী দল বলা চলে না। বিগত নির্বাচনের ইশতেহারে দলটি ইসলাম অনুযায়ী দেশ পরিচালনার কথা কোথাও উল্লেখ করেনি দাবি করে তিনি বলেন, সে সময় জামায়াতের আমিরও ঘোষণা দিয়েছিলেন যে তারা শরিয়া অনুযায়ী নয়, বরং প্রচলিত আইনে দেশ পরিচালনা করবেন।
তিনি আরও উল্লেখ করেন, জামায়াত বিদ্যুৎসহ বিভিন্ন দাবিতে লংমার্চ করলেও পরবর্তীতে দলটির আমির সংসদে স্বীকার করেছেন যে বর্তমান সরকারের কারণে বিদ্যুতের এই সমস্যা সৃষ্টি হয়নি। এত তেল ও গ্যাস পুড়িয়ে তাহলে কেন সেই লংমার্চ করা হয়েছিল—এমন প্রশ্ন রেখে দলটির দ্বিমুখী আচরণের সমালোচনা করেন তিনি।
বিএনপির সমালোচনা করে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, নির্বাচনের আগে বিএনপি ওয়াদা করেছিল ক্ষমতায় গেলে তারা শরিয়াবিরোধী কোনো আইন করবে না। কিন্তু তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করছে না এবং এরই মধ্যে সংসদে শরিয়াবিরোধী আইন অনুমোদন দিয়েছে। এই ধরনের আইন থেকে তারা সরে না এলে ইসলামী আন্দোলন কঠোর প্রতিবাদে নামতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।































