ভারত শেখ হাসিনাকে ফেরত দিলে আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
Published : ১৮:১৩, ৮ সেপ্টেম্বর ২০২৬
ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়া হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে এবং কারাগারে যেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি বিদেশে বসে কী বক্তব্য দিচ্ছেন, সেটি বড় কোনো বিবেচনার বিষয় নয়। শেখ হাসিনাসহ তার দলের অনেক নেতা-কর্মী বর্তমানে ভারতে অবস্থান করছেন উল্লেখ করে তিনি জানান, অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ যোগাযোগ চালিয়ে যাচ্ছে এবং বিষয়টি ভারতের বিচার বিভাগও দেখছে।
মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। নতুন কোনো ফোরাম বা জোটে যোগ দেওয়ার ক্ষেত্রে দেশের পররাষ্ট্রনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। কোনো জোটে যুক্ত হলে তা দেশের স্বার্থে কতটা উপকারী হবে, তা যাচাই করে দেখা হবে এবং সিদ্ধান্ত নেওয়ার সময় হলে পররাষ্ট্র মন্ত্রণালয় তা বিস্তারিতভাবে জানাবে।
মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালা এবং জেলার পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



























