গাজীপুরে কেয়া গ্রুপের ৪ প্রতিষ্ঠানে ৭৩৯ শ্রমিক-কর্মচারী ছাঁটাই

গাজীপুরে কেয়া গ্রুপের ৪ প্রতিষ্ঠানে ৭৩৯ শ্রমিক-কর্মচারী ছাঁটাই ছবি: সংগৃহীত

গাজিপুর প্রতিনিধি

Published : ১৬:২৭, ২০ অক্টোবর ২০২৬

গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় কেয়া গ্রুপের চারটি প্রতিষ্ঠান থেকে আরও ৭৩৯ জন শ্রমিক ও কর্মচারীকে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। এ সংক্রান্ত নোটিশ কারখানাগুলোর প্রধান ফটকে টানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।

তিনি জানান, সোমবার রাতে কারখানার ফটকে ছাঁটাইয়ের নোটিশ টানানো হয়। মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা নোটিশটি দেখতে পান।

ছাঁটাইয়ের আওতায় পড়া প্রতিষ্ঠানগুলো হলো কেয়া গ্রুপের নিট কম্পোজিট ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন এবং কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড।

কারখানা কর্তৃপক্ষের ভাষ্য, ব্যাংকিং জটিলতাসহ বিভিন্ন কারণে গত ৬ জুন থেকে কারখানাগুলো লে-অফে রয়েছে। এরপর কয়েক দফায় লে-অফের মেয়াদ বাড়ানো হয়েছে। ছাঁটাই হওয়া শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী সব পাওনা পরিশোধ করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, কেয়া গ্রুপের চারটি প্রতিষ্ঠান থেকে ৭৩৯ জন কর্মকর্তা ও কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানাগুলোর প্রধান ফটকে শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement