সাংবাদিক আলিফ হত্যা মামলায় অপূর্বর ফের ৪ দিনের রিমান্ড

সাংবাদিক আলিফ হত্যা মামলায় অপূর্বর ফের ৪ দিনের রিমান্ড ছবি: সংগৃহীত

নেত্রকোনা প্রতিনিধি

Published : ১৬:৩৫, ২০ অক্টোবর ২০২৬

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় গ্রেপ্তার আসামি সাজিবুল ইসলাম অপূর্বর (২২) ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুর্গাপুর আদালতের জিআরও রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এক দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে অপূর্বকে দুর্গাপুর আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, রিমান্ডে আসামির কাছ থেকে হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট বেশ কিছু চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এখনই এসব তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি উৎরাইল এলাকার তেলুনজিয়া গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাবেক সেনা সদস্য ও ‘ডিটেকটিভ আর্টিকেল’ ফেসবুক পেজের কর্ণধার সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ। ময়নাতদন্তে তার শরীরে ছয়টি গুলির ক্ষত পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় সাত থেকে আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন।

পরে শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে দুর্গাপুর বাজারের পুরোনো সিনেমা হলের পাশ থেকে সাজিবুল ইসলাম ওরফে অপূর্বকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, অপূর্ব এর আগে একটি পুলিশ হত্যা মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়া অন্যতম আসামি ছিল।

শেয়ার করুনঃ
Advertisement