পটিয়ায় নাস্তা নিয়ে বিরোধ, ৯ দিন পর অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

পটিয়ায় নাস্তা নিয়ে বিরোধ, ৯ দিন পর অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি

Published : ১১:০৫, ২৪ অক্টোবর ২০২৬

চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মারধরের শিকার হওয়ার অভিযোগের নয় দিন পর মারা গেছেন তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সিফাতুন নুর (২২)। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় সিফাতুনের শাশুড়িসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ করেছে তাঁর পরিবার। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, সিফাতুন চন্দনাইশ পৌরসভার বাসিন্দা মো. নুরের মেয়ে। প্রায় পাঁচ মাস আগে পারিবারিকভাবে পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের পূর্ব কুসুমপুরা গ্রামের দুবাইপ্রবাসী মো. তারেকের (২৬) সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর স্বামী বিদেশে থাকায় সিফাতুন শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন।

সিফাতুনের স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই তিনি শ্বশুরবাড়িতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন। গত ১৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁর মা জুহিনুর আক্তার (৫৫) মেয়ের শ্বশুরবাড়িতে হাতে তৈরি কিছু নাস্তা নিয়ে যান। নাস্তার পরিমাণ কম হওয়া নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

পরিবারের দাবি, একপর্যায়ে সিফাতুনের শাশুড়ি রিজিয়া বেগম (৬০) তাঁর মাকে মারধর করেন। একই সময় রাশেদা বেগম (৫৫) ও সুমি আক্তার (৫২) সিফাতুনের চুলের মুঠি ধরে তাঁকে মাটিতে ফেলে মারধর করেন। তাঁদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে মা ও মেয়েকে উদ্ধার করেন বলে স্বজনেরা জানিয়েছেন।

স্বজনদের ভাষ্য, ঘটনার রাতেই সিফাতুনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চমেক হাসপাতালে নেওয়া হয়। পরে সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। সেখানে টানা নয় দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় গত ১৪ অক্টোবর পটিয়া থানায় লিখিত অভিযোগ জমা দেন সিফাতুনের মা জুহিনুর আক্তার। অভিযোগে তাঁর মেয়ের শাশুড়িসহ তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।

সিফাতুনের বাবা মো. নুরের অভিযোগ, মারধরের ঘটনার পর বিষয়টি আড়াল করতে তাঁর মেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে প্রচার করা হয়েছিল। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ১৪ অক্টোবর ওই গৃহবধূকে মারধরের বিষয়ে পুলিশ একটি অভিযোগ পেয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর খবরও তিনি জানতে পেরেছেন। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

শেয়ার করুনঃ
Advertisement