৫৮ দিন পর নিহত স্বর্ণশ্রমিকের লাশ উত্তোলন

৫৮ দিন পর নিহত স্বর্ণশ্রমিকের লাশ উত্তোলন

রংপুর প্রতিনিধি:

Published : ১৬:৪৪, ১৬ সেপ্টেম্বর ২০২৪

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন মিলনের মরদেহ দাফনের ৫৮ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে মহানগরীর মুন্সিপাড়া কবরস্থান থেকে তার মরদেহ তোলা হয়। 

এ সময় রংপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত, মামলার তদন্ত কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত বলেন, আদালতের নির্দেশে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নিহত মুসলিম উদ্দিন মিলনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

মুসলিম উদ্দিন মিলন গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরীর সিটি বাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরদিন ২০ জুলাই ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ দাফন করা হয়।

মুসলিম উদ্দিন মিলনের বাড়ি নগরীর পূর্ব গনেশপুর এলাকায়। তিনি নগরীর দেওয়ানবাড়ী সড়কের একটি জুয়েলার্সে স্বর্ণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। 

গত ২৭ আগস্ট নিহতের স্ত্রী দিলরুবা আক্তার বাদী হয়ে রংপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, রংপুর বিভাগের সাবেক কমিশনার জাকির হোসেন, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুর জেলার সাবেক পুলিশ সুপার মো. শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হুসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) আবু আশরাফ সিদ্দিকী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক সংসদ সদস্য নাছিমা জামান ববি, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামাণিক, আওয়ামী লীগ নেতা রাশেক রহমান, সাবেক সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউক, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদাত হোসেন বকুল, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি শফিয়ার রহমান সাফি ও সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ ১৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এছাড়া অনেককে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিটি বাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ হয়। 

এ সময় ৮ থেকে ১৭ নং আসামিদের প্ররোচনা ও উসকানিতে ১ থেকে ৭ নং আসামিদের নির্দেশে ২, ৩, ৪, ৬ ও ৭ নং আসামিসহ হেলমেট পরিহিত পুলিশ সদস্যরা এলোপাতাড়ি গুলি ছুড়ে।

এতে মিলন গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আসামিদের চাপে মরদেহের ময়নাতদন্ত না করেই তড়িঘড়ি করে দাফন করা হয়। 

মামলা দায়েরের ৫ দিন পর গত ১ সেপ্টেম্বর মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এফিডেভিটের মাধ্যমে সাবেক বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন ও সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের নাম প্রত্যাহারের আবেদন করেন মামলার বাদী নিহত মুসলিম উদ্দিন মিলনের স্ত্রী দিলরুবা আক্তার।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement